বলিউড

বলি তারকাদের চোখে ডিয়েগো ম্যারাডোনা

ফুটবলারদের চেয়ে বড় তারকা হয়তো এই ব্রহ্মাণ্ডে আর নেই। অন্তত ডিয়েগো ম্যারাডোনা সেটাই বারবার মনে করিয়ে দিয়েছেন। অনন্তলোকে পাড়ি জমিয়েছেন ফুটবল ঈশ্বর। নীরবে চোখের পানি ফেলছেন তার অনুসারীরা। তাদের মধ্যে বাদ যায়নি সিনে খ্যাতিমানরাও। তাবৎ দুনিয়াকে এক ফুটবল গ্যালারিতে দাঁড় করানো এই মহারথীর প্রয়াণে শোকার্ত বলিউডসহ বিশ্বের বেশিরভাগ মানুষ।

প্রিয় ফুটবলার ম্যারাডোনাকে নিয়ে বলিউড তারকারা সামাজিক মাধ্যমে কী লিখছেন তা নিয়েই এ আয়োজন।

ফুটবল রাজপুত্রহীন, এ কথা মেনে নিতে পারছেন না বলিউড ‘কিং’ শাহরুখ খান। টুইটারে শোকপ্রকাশ করে লিখলেন, ‘ডিয়েগো ম্যারাডোনা… আপনি ফুটবলকে আরও সুন্দর করে তুলেছিলেন। আপনাকে খুব মনে পড়বে। প্রার্থনা করি আপনি পরলোকে গিয়ে সকলকে ঠিক এভাবেই মাতিয়ে রাখবেন, যেভাবে এখানে রেখেছিলেন।’

তরুণ ডিয়েগোর একটি সাদা-কালো ছবি টুইটারে পোস্ট করেছেন রণবীর সিং। ক্যাপশনে তিনি ‘#ডিয়েগো ম্যারাডোনা’ লিখে একটি ভগ্নহৃদয়ের ইমোজি রেখেছেন।

অভিষেক বচ্চন টুইটারে লিখেছেন, ‘আপনার আত্মা শান্তি পাক কিংবদন্তি ম্যারাডোনা।’

অভিনেত্রী এশা দেওল জানিয়েছেন ম্যারাডোনাই তার অনুপ্রেরণা। লিখেছেন, ‘আপনার আত্মা শান্তি পাক ম্যারাডোনা। আপনি সত্যিকারের কিংবদন্তি এবং আপনি ফুটবল খেলায় আমার অনুপ্রেরণা ছিলেন।’

কারিশমা কাপুর তার সঙ্গে ম্যারাডোনার দুটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘কিংবদন্তি ডিয়েগোর সঙ্গে আমার গর্বের সাক্ষাৎ।’

ফুটবল মাঠে কর্দমাক্ত ম্যারাডোনার একটি ছবি পোস্ট করে অভিনেতা রিতেশ দেশমুখ লিখেছেন, ‘এই ছবিই সব বলে দেয়। সর্বকালের সেরা।’

এছাড়াও অভিনেত্রী কারিনা কাপুর খান, প্রিয়াঙ্কা চোপড়াসহ বলিউডের অনেকেই ছবি ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ম্যারাডোনার প্রতি শোক প্রকাশ করেছেন।

সূত্র: জি-নিউজ

আর/০৮:১৪/২৬ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language