পিরোজপুর

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ইন্তেকাল

পিরোজপুর, ১৮ ডিসেম্বর – পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ হাকিম হাওলাদার (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

শনিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি দুই কন্যা ও স্ত্রী রেখে গেছেন।

অ্যাডভোকেট এমএ হাকিম হাওলাদার জেলা আওয়ামী লীগের দুবারের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি গত ২৭ নভেম্বর অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সম্মেলনে দ্বিতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার গ্রামের বাড়ি ভাণ্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের পৈটখালী গ্রামে।

অ্যাডভোকেট এমএ হাকিম হাওলাদারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাতিজা পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার রায়হান।

তিনি জানান, গত ২০ দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন অ্যাডভোকেট এমএ হাকিম হাওলাদার। গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে যায়। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা সিটি মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে শনিবার রাতে তার মৃত্যু হয়।

জানা গেছে, তিনি মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সভাপতি ও পিরোজপুর মহাকুমা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

এ দিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সভাপতি একে এম আউয়াল, পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেকসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সূত্র: সময় টিভি
আইএ/ ১৮ ডিসেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language