ফুটবল

পর্তুগালের বিদায়ের পর কোচের ওপর ক্ষোভ ঝাড়লেন রোনালদোর বান্ধবী

লিসবন, ১২ ডিসেম্বর – গত ১৫ বছর ধরে ফুটবল বিশ্বে শাসন চালিয়েছেন তিনি। ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপে এসে শিরোপা জয়ের লক্ষ্যে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে শুরুর একাদশেই ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু সময়ের সেরা এই তারকাকে নকআউট পর্বের ম্যাচে এসে বসে থাকতে হয়েছে সাইডবেঞ্চে। যার কারণে তারকায় ঠাসা দল নিয়ে আশা জাগিয়ে বিশ্বকাপে আসলেও হতাশা নিয়ে ফিরতে হয়েছে কোচ ফার্নান্দো সান্তোসের দলকে। যার শেষটা হয়েছে কোয়ার্টার ফাইনালে ইতিহাস গড়া মরক্কোর কাছে কষ্টার্জিত পরাজয়ের মধ্য দিয়ে।

বয়সটা ৩৭ হয়ে যাওয়ায় রোনালদোর ক্যারিয়ারের গোধূলি দেখে ফেলেছিলেন অনেকেই। কিন্তু কাতারে নিজের ক্যারিয়ারের অন্তিমলগ্নে শেষ বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। কিন্তু প্রিয় তারকার এমন বেদনাদায়ক বিদায় মেনে নিতে পারেননি রোনালদোর ভক্ত-সমর্থকরা। এজন্য পর্তুগালের বিদায়ে নেট দুনিয়ায় সরব হয়েছেন অনেকে। পর্তুগিজদের বিদায়ের কারণ নিয়ে এবার মুখ খুলেছেন রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ।

 

জর্জিনা তার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোষ্ট করে নিজের ক্ষোভ ঝাড়েন। এমনকি বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের জন্য কোচ ফার্নান্দো সান্তোসের দিকেই আঙুল তুলেছেন রোনালদোর বান্ধবী। এছাড়া রোনালদোকে একাদশে না রাখায় সান্তোসের সমালোচনা করেন জর্জিনা।

ইনস্টাগ্রামে জর্জিনা লিখেছেন, ‘তোমার (রোনালদো) বন্ধু ও কোচ ভুল সিদ্ধান্ত নিয়েছে। সেই বন্ধু, যাকে তুমি এত সম্মান করো। সেই বন্ধু, যে শেষ পর্যন্ত তোমাকে মাঠে নামাল। তার পর দেখল সব কিছু কেমন বদলে গিয়েছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।’

রোনালদোকে একাদশের বাইরে রাখায় কোচ সান্তোসের সমালোচনা করে জর্জিনা লিখেছেন, ‘তুমি বিশ্বের সেরা ফুটবলারকে এভাবে অবহেলা করতে পারো না। তোমার দলের সেরা অস্ত্রকেই তুমি বসিয়ে রেখেছো। এটা ঠিক নয়। জীবন আমাদের শিক্ষা দেয়। আমরা হারিনি। আমরা শিখেছি।’

 

এর আগে কোয়ার্টার ফাইনালের পরে ইনস্টাগ্রামে জর্জিনা লিখেছিলেন, ‘পর্তুগালকে অভিনন্দন; কিন্তু ১১ জন ফুটবলার যখন জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য দাঁড়িয়ে, সেই সময় একজনকেই খুঁজছিল সবাই। এটা লজ্জার যে পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলারের খেলা পুরো ৯০ মিনিট দেখতে পেল না কেউ। ভক্তরা তোমার জন্য চিৎকার করছিল। তারা দাবি জানাচ্ছিল তোমাকে দেখার। আশা করি ঈশ্বর এবং তোমার বন্ধু ফার্নান্দো এক হবে আর তোমাকে আবার খেলতে দেখব।’

উল্লেখ্য, চলতি কাতার বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আফ্রিকার দেশ মরক্কোর বিপক্ষে মাঠে নেমেছিল পর্তুগাল। কিন্তু শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে হার নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে ফেলেছে পর্তুগিজরা। তাই সময়ের অন্যতম সেরা ফুটবলারের অর্জনকে ভুলে রোনালদোর প্রতি এমন আচরণ- কেউই মেনে নিতে পারেনি।

সূত্র: আরটিভি
আইএ/ ১২ ডিসেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language