কর্ণাটকে জলপ্রপাতে সেলফি তুলতে গিয়ে পিছলে পড়ে ৪ ছাত্রীর মৃত্যু

নয়াদিল্লি, ২৭ নভেম্বর – ভারতের কর্ণাটক-মহারাষ্ট্র সীমান্তের কাছে কিটওয়াদ জলপ্রপাতে পড়ে চার ছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার তারা সেখানে সেলফি তুলতে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, কর্ণাটক রাজ্যের বেলাগাভি শহরের কামাত গালির একটি মাদরাসা থেকে ৪০ জন শিক্ষার্থী কিটওয়াদ জলপ্রপাত ভ্রমণে গিয়েছিল। মারা যাওয়া ছাত্রীরা সে দলেরই অংশ।
দলটি জলপ্রপাতের কাছে পৌঁছলে পাঁচজন ছাত্রী ছবি তোলার জন্য আরো ওপরে যায়। তখন তারা ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে পানিতে ডুবে যায় বলে জানা গেছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, তাদের কেউই সাঁতার জানত না। তাদের চিৎকার শুনে স্থানীয় কয়েকজন ছুটে আসে এবং এক ছাত্রীকে বাঁচাতে সক্ষম হয়।
পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এ ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ছাত্রীকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে প্রচুর লোক জড়ো হয়েছিল এবং পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে বলে জানা গেছে।
এ ঘটনায় মহারাষ্ট্রের চাঁদগড় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সূত্র: কালের কণ্ঠ
এম ইউ/২৭ নভেম্বর ২০২২









