পরিবেশ

ঠাণ্ডার বিষয়ে যা বলল আবহাওয়া অফিস

ঢাকা, ২৩ নভেম্বর- হেমন্তের এ সময়ে হালকা বৃষ্টির প্রভাব কেটে যাওয়ার পর দেশের উত্তর-পশ্চিমের হাওয়ায় ঠাণ্ডার অনুভূতি বাড়ছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে কয়েক দিনের মধ্যে তা স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সোমবার (২৩ নভেম্বর) রাজশাহীর বদলগাছিতে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা দেশের সর্বনিম্ন। রংপুরের তেতুঁলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী, ঈশ্বরদী, দিনাজপুর, চুয়াডাঙ্গা, শ্রীমঙ্গল ও রাজারহাটে ১১ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা।

ঢাকায় থার্মোমিটারের পারদ নেমেছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চট্টগ্রাম ও সন্দ্বীপে, ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতরের সিনিয়র আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, রাতের তাপমাত্রা আজ আরও কমতে পারে কোথাও কোথাও। বুধবার থেকে রোদেলা আবহাওয়ায় দিন-রাতের তাপমাত্রা বাড়বে।

হেমন্তের এ সময়ে হালকা বৃষ্টির প্রভাব কেটে যাওয়ার পর উত্তর-পশ্চিমের হাওয়ায় ঠাণ্ডার অনুভূতি বাড়ছে। কয়েক দিনের মধ্যে তা স্বাভাবিক হয়ে আসবে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ২৩ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language