অপরাধ

অগ্রিম টাকা নিয়ে ডেলিভারির নামে প্রতারণা, গ্রেপ্তার ৫

খুলনা, ১৪ নভেম্বর – ফেসবুকে পেজ খুলে শার্ট ও প্যান্ট বিক্রির জন্য আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করছিল এক‌টি চক্র। ওই বিজ্ঞাপনে দেয়া পণ্য দে‌খে কেনার জন্য আগ্রহী ক্রেতারা ফেসবুক পেজের ম্যাসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করলে বাছাই করা পণ্য সরবরাহের জন্য কুরিয়ার সার্ভিস চার্জ হিসেবে অগ্রিম টাকা পাঠাতে বলতো।

ক্রেতারা অগ্রিম টাকা পাঠানোর পর চক্রের অন্য সদস্যরা ক্রেতার নম্বরে ফোন করে নিজেদেরকে কুরিয়ার সার্ভিস কর্মী পরিচয় দি‌তো। তারা কুরিয়ার থেকে পণ্য ছাড়ানোর জন্য আবারও অর্ধেক কিংবা সম্পূর্ণ মূল্য বিকাশের মাধ্যমে পরিশোধ করতে বলতো। কোনো ক্রেতা পণ্যের মূল্যবাবদ অগ্রিম টাকা পরিশোধ করলে চক্রের সদস্যরা পণ্য সরবরাহ না করে মোবাইল নম্বর এবং ফেসবুক আইডি ব্লক করে দি‌তো

এমন এক‌টি প্রতারক চ‌ক্রের ৫ সদস‌্যকে গ্রেপ্তার ক‌রে‌ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতরা হলেন- হাসিবুর রহমান, নূর আলম শিকদার, সালমান শেখ, রবিউল ইসলাম পারভেজ ও মো. সাকিব মাহমুদ।

রোববার খুলনার রূপসা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম জানান, প্রতারণার শিকার একজন ভুক্তভোগী ১০ নভেম্বর হাতিরঝিল থানায় মামলা ক‌রেন। মামলাটি গোয়েন্দা অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম তদন্ত শুরু করে।

মামলাটি তদন্তে তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতারকদের অবস্থান শনাক্ত করা হয়। পরে রোববার খুলনা জেলার রূপসা থানা এলাকায় অভিযান চালিয়ে চ‌ক্রের পাঁচ সদস‌্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থে‌কে ৫টি মোবাইল ও ৬টি সিম কার্ড জব্দ করা হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৪ নভেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language