ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ফাঁদে ফেলে চাঁদা আদায়, গ্রেপ্তার ৪

ঢাকা, ১১ নভেম্বর – ভিন্ন কৌশলে চাঁদাবাজিতে জড়িত একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। গ্রেপ্তারকৃতরা সহজ-সরল কোনো ব্যক্তিকে টার্গেট করতো। এরপর পরিচিত হয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলত। একপর্যায়ে তাকে আমন্ত্রণ জানিয়ে নেওয়া হত কোনো বাসায়। সেখানে হঠাৎ তার ঘরে নারী ঢুকিয়ে বাইরে থেকে বন্ধ করে দেওয়া হত দরজা। এরপর মানহানির ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা চাঁদা আদায় করত তারা।
এ চক্রের হোতা গোলাপ মিয়সহ চারজনকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে র্যাব-৩। গ্রেপ্তার অপর তিনজন হলো- কবীর মীর, আবু বকর ও মাকছুদা আক্তার।
বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ৫৬০ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, চাহিদা অনুযায়ী টাকা না পেলে তারা টার্গেট ব্যক্তিকে মারধর করতে থাকে। ভুক্তভোগী সম্মান বাঁচাতে ও নিজেকে মুক্ত করতে আসামিদের চাঁদা দিতে বাধ্য হন।
তিনি আরও জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর অনুসন্ধানে বিষয়টি নিশ্চিত হয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধ স্বীকার করেছে।
সূত্র: সমকাল
এম ইউ/১১ নভেম্বর ২০২২









