উভয়কক্ষে এগিয়ে রিপাবলিকানরা
ওয়াশিংটন, ১০ নভেম্বর – যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিতে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। উইসকনসিন অঙ্গরাজ্যে জয় পেয়েছে রিপাবলিকান পার্টি। নেভাদা, জর্জিয়া, ও অ্যারিজোনা রাজ্যের ফল জানা বাকি। এই তিন অঙ্গরাজ্যের ফল নির্ধারণ করে দেবে যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণ কারা পেতে যাচ্ছে।
ডেমোক্র্যাটদের ৪৮ আসনের বিপরীতে রিপাবলিকানরা একটি আসনে এগিয়ে যাওয়ায় তাদের মোট আসন এখন ৪৯টি বলে নিশ্চিত করেছে সংবাদমাধ্যম ফক্স নিউজ ও সিএনএন। নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের দখল পাওয়ার পথেও আরও একধাপ এগিয়ে গেছে রিপাবলিকানরা।
স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ হয়। এ নির্বাচনে সিনেটের ৩৫টি আসনে এবং হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে ৪৩৫টি আসনের সবগুলোতে ভোট হয়েছে। পাশাপাশি এদিন ৩৬টি অঙ্গরাজ্যের গভর্নর পদেও ভোট হয়েছে।
সিনেটে দুই পক্ষের উভয়েরই ৫০টি করে আসন থাকলেও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের টাই-ব্রেকিং ভোটের কারণে উচ্চ কক্ষটির নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতেই ছিল।
প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা ২০৩টি আসন পেয়ে জয়ের পথে রয়েছে বলে জানিয়েছে সিএনএন। আর বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টি পেয়েছে ১৮৭টি আসন। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে দরকার ২১৮টি আসন।
গভর্নর নির্বাচনের প্রাপ্ত ফলাফলে রিপাবলিকানরা শুরুতে এগিয়ে থাকলেও ডেমোক্রেটরা এখন ব্যবধান কমিয়ে আনছে।
সূত্র: সমকাল
আইএ/ ১০ নভেম্বর ২০২২









