দক্ষিণ এশিয়া

নাটক করছেন ইমরান?

ইসলামাবাদ, ৮ নভেম্বর – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে হত্যাচেষ্টাকে সাজানো নাটক বলে আখ্যা দিয়েছেন দেশটির রাজনৈতিক দল পিডিএমের প্রধান মাওলানা ফজলুর রহমান। একই সঙ্গে তিনি বলেন, অভিনয়ে বলিউড তারকা শাহরুখ-সালমানকেও ছাড়িয়ে গেছেন ইমরান। গতকাল সংবাদমাধ্যম ডন এ কথা জানিয়েছে।

ইমরান খানের নেতৃত্বে রাজধানী ইসলামাবাদমুখী পদযাত্রায় গত বৃহস্পতিবার হামলায় পায়ে গুলিবিদ্ধ হন ইমরান। ওই ঘটনায় একজন নিহতসহ পিটিআইয়ের বেশ কয়েকজন নেতা আহত হয়েছেন। ইমরান খান জানিয়েছেন, তাকে হত্যাচেষ্টার পেছনে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি একজন সেনা কর্মকর্তার নামও যোগ করেছেন। এতে পাকিস্তানের রাজনীতি তপ্ত হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে ইমরানের ওপর হামলা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মাওলানা ফজলুর রহমান। গত রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ইমরান অভিনয়ের দিক থেকে শাহরুখ-সালমানকেও ছাড়িয়ে গেছেন। তার ভাষ্য হলো- প্রথমে হামলার কথা শুনে ইমরানের প্রতি সহানুভূতি জানিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে এটি নাটক। এ কারণে তিনি হামলার ঘটনাটি বিশদ তদন্তের আহ্বান জানিয়েছেন। তার যুক্তি হলো- ইমরানের আহত হওয়ার বিষয়টি সন্দেহের উদ্রেক করে। ইমরানকে লক্ষ্য করে একটি গুলি, নাকি বেশি গুলি করা হয়েছে? তার এক পায়ে গুলি লেগেছে নাকি দুই পায়ে? মাওলানা ফজলুর রহমান আরও বলেন, ঘটনার পর ইমরানকে কাছাকাছি কোনো হাসপাতালে না নিয়ে লাহোরে নিয়ে যাওয়া হয়েছিল কেন? এ ছাড়া ইমরানের পায়ে গুলির ভাঙা টুকরো থাকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন। তার দাবি, এটা কিভাবে সম্ভব যে একটা বুলেট টুকরো হয়ে গেল। বোমার টুকরো শুনেছি, কিন্তু বুলেট নয়।

তদন্তের নির্দেশ সুপ্রিমকোর্টের : ইমরানের ওপর হামলার ঘটনা আশু তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সুপ্রিমকোর্ট। উচ্চ আদালতের প্রশ্ন- ঘটনার চার দিন পরও কেন আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়নি? প্রধান বিচারপতি ওমর আতা বানদিয়াল বলেন, পুলিশ যদি তদন্ত শুরু না করে তা হলে ঘটনার প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে। এতে মামলা আরও বিতর্কিত হবে, যা আদালতের কাছে গ্রহণযোগ্য হবে না। এদিকে হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সন্দেহভাজন হামলাকারী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। অন্যদিকে ইমরানের বক্তব্য অনুযায়ী- হামলার পেছনে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনা কর্মকর্তার হাত থাকায় পিটিআইয়ের তরফ থেকে পুলিশ এফআরআই গ্রহণ করছে না। এ নিয়েও অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

সূত্র: আমাদের সময়
আইএ/ ৮ নভেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language