উত্তর আমেরিকা

‘সহিংস আক্রমণের শিকার’ মার্কিন স্পিকার পেলোসির স্বামী

ওয়াশিংটন, ২৮ অক্টোবর – মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসি নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন। হামলার সময় ন্যান্সি পেলোসি ওয়াশিংটনে ছিলেন। শুক্রবার (২৮ অক্টোবর) এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন ন্যান্সি।

বিবৃতিতে ন্যান্সি পেলোসি বলেছেন, একজন হামলাকারী তাদের সান ফ্রানসিস্কোর বাড়িতে ঢুকে পল পেলোসির ওপরে হামলা চালান। বর্তমানে হামলাকারী পুলিশ হেফাজতে রয়েছেন। তার উদ্দেশ্য কী ছিল তা এখনো জানা যায়নি।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন জানিয়েছে, বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন পল পেলোসি। তবে তার আঘাত গুরুতর না হওয়ায়, দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। পুলিশ ও চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন ন্যান্সি পেলোসি।

চলতি মাসের শুরুর দিকে খবর বের হয় যে, ক্যাপিটল হিলের দাঙ্গার সময় ন্যান্সি পেলোসি বলেছিলেন, তিনি ডোনাল্ড ট্রাম্পকে সামনে পেলে শারীরিকভাবে আঘাত করতেন। তবে এর সঙ্গে তার বাড়িতে হামলার কোনো সম্পর্ক আছে কি না তা এখনো পরিষ্কার নয়।

১৯৬৩ সালে ন্যান্সি পেলোসি ও পল পেলোসি দাম্পত্য জীবন শুরু করেন ও তাদের পাঁচ সন্তান রয়েছে।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ২৮ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language