ইউরোপ

বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ছেড়ে ১০ ডাউনিং স্ট্রিটের ছোট্ট ফ্ল্যাটেই উঠছেন ঋষি সুনাক

লন্ডন, ২৭ অক্টোবর – ব্রিটেনের অন্যতম ধনী রাজনীতিক হিসেবে পরিচিত নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সুনাক পরিবারের স্থাবর সম্পত্তিগুলির মধ্যে রয়েছে, লন্ডনের কেনসিংটনে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, উত্তর ইংল্যান্ডে ঋষির নির্বাচনী কেন্দ্র ইয়র্কশায়ারে একটি প্রাসাদ, আমেরিকার ক্যালিফোর্নিয়ায় একটি পেন্টহাউস ইত্যাদি। তবে এত দামি দামি সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে একটি ছোট ফ্ল্যাটেই থাকার পরিকল্পনা করেছেন সুনাক ও তার পরিবার।

বুধবার, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সচিব জানিয়েছেন, সুনাক পরিবার ডাউনিং স্ট্রিটের ১০ নম্বর ফ্ল্যাটেই উঠবেন। আর সেই ছোট ফ্ল্যাটটি নতুন করে সাজিয়ে নেয়ারও কোনও পরিকল্পনা নেই তাদের।

প্রসঙ্গত, ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের প্রধান ভবনটিই সেই দেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এবং কার্যালয়। ঐতিহ্যগতভাবে, এই ভবনের উপরের ফ্ল্যাটটিতেই বরাবর থাকতেন ব্রিটিশ প্রধানমন্ত্রীরা। আর তার পাশের ঠিকানা, অর্থাৎ ১১ নম্বর ডাউনিং স্ট্রিটে থাকতেন চ্যান্সেলর। তবে, টনি ব্লেয়ার প্রধানমন্ত্রী থাকার সময় প্রথম এই ঐতিহ্য ভেঙেছিলেন।

আসলে, ১০ ডাউনিং স্ট্রিটের ফ্ল্যাটটি, ১১ ডাউনিং স্ট্রিটের ফ্ল্যাটটির তুলনায় অনেকটাই ছোট। ব্লেয়ার প্রদানমন্ত্রী থাকার সময় চ্যান্সেলর ছিলেন গর্ডন ব্রাউন। ব্লেয়ার পরিবারের আয়তন ক্রমে বাড়ছিল বলে, তাদের জায়গা করে দিতে ১০ নম্বরের ফ্ল্যাটে উঠে গিয়েছিলেন গর্ডন এবং ১১ নম্বরে থাকতে শুরু করেছিলেন ব্লেয়ার। এমনকি, প্রকৃতপক্ষে, ঋষি সুন্কও চ্যান্সেলর থাকাকালীন ১০ নম্বর ফ্ল্যাটেই থাকতেন, আর বরিস জনসন থাকতেন ১১ নম্বরে। ১১ নম্বরের ফ্ল্যাটটির ব্যয়বহুল সংস্কার নিয়েও সমালোচনার মুখে পড়েছিলেন বরিস জনসন।

১১ নম্বর ডাউনিং স্ট্রিটের ফ্ল্যাটটির সংস্কারের কাজের তত্বাবধান করেছিলেন বরিসের স্ত্রী ক্যারি। দেশ যখন আর্থিক মন্দার মুখে, সেই সময় ফ্ল্যাট সাজাতে বিপুল সরকারির অর্থ খরচ করা নিয়ে জনসনের তীব্র সমালোচনা হয়েছিল।

সেই ফ্ল্যাটের দামি দামি ওয়ালপেপার, অত্যাধুনিক ফ্যাশনেব় বিভিন্ন গৃহসজ্জার সামগ্রী, দামি দামি আসবাবপত্র নিয়ে ব্রিটিশ সংবাদপত্রে তুমুল চর্চা হয়েছিল। যা শেষ পর্যন্ত জনসনের পতনের অন্যতম কারণ হয়ে উঠেছিল।

গত জুলাই মাসে জনসনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন ঋষি সুনাক এবং ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের ফ্ল্যাটটি ছেড়ে দিয়েছিলেন তিনি। এবার প্রধানমন্ত্রী হওয়ার পর, ফের সেই ফ্ল্যাটেই ফিরছে সুনাক পরিবার।

কিন্তু, কেন ১১ নম্বরের বড় ফ্ল্যাট ছেড়ে থাকার জন্য ১০ নম্বরকে বেছে নিলেন ঋষি সুনক? তার সচিব বলেছেন, ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের ফ্ল্যাটে সুনাক পরিবার সেখানে খুব আনন্দে ছিলেন। সেই কারণেই এই ফ্ল্যাটেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৭ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language