খুলনা

খুলনায় বাস-লঞ্চ-ট্রলার চলাচল স্বাভাবিক

খুলনা, ২৩ অক্টোবর – জনভোগান্তির কথা বিবেচনায় ও প্রশাসনের আশ্বাস পাওয়ায় খুলনায় মহাসড়কে থ্রি-হুইলারসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার বাস ধর্মঘট প্রত্যাহার করেছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।

এদিকে প্রায় ২১ ঘণ্টা পর শনিবার বিকেল পাঁচটার দিকে খুলনার রূপসা নদীতে খেয়া পারাপার শুরু হয়। আর ৩৬ ঘণ্টা পর শুরু হয়ে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সব রুটে বাস চলাচল। রূপসা বাসস্ট্যান্ড থেকেও বাগেরহাটের মোংলাসহ বিভিন্ন গন্তব্যে ছেড়তে শুরু করে যাত্রীবাহী বাস।

বিকেলে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ শেষ হওয়ার পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়। ফলে, খুলনা থেকে যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়াসহ ১৮টি রুটে শুরু হয় বাস চলাচল।

এর আগে মহাসড়কে থ্রি হুইলারসহ অবৈধ যান চলাচল বন্ধসহ কয়েক দফা দাবিতে শুক্রবার সকাল থেকে পরিবহন ধর্মঘট শুরু করে মালিক ও শ্রমিক সমিতি। ধর্মঘটের কারণে খুলনা কোনো বাস ছাড়েনি। পাশাপাশি অন্য জেলা থেকেও খুলনায় কোনো বাস ঢুকতে পারেনি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৩ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language