দক্ষিণ এশিয়া

জাতিসংঘে আসন্ন ভোটাভুটি নিয়ে মুখ খুলতে নারাজ ভারত

নয়াদিল্লী, ১০ অক্টোবর – ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করে নেওয়ার মস্কোর ঘোষণায় ক্ষুব্ধ পশ্চিমা দেশগুলো। রাশিয়ার এই অধিগ্রহণের ঘোষণার নিন্দা জানিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে সম্ভাব্য একটি খসড়া প্রস্তাব উঠতে যাচ্ছে বলে জানা গেছে। তবে এই প্রস্তাবের ওপর ভোটাভুটি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ ভারত। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সোমবার বলেছেন, জাতিসংঘে এ সংক্রান্ত ভোটাভুটিতে নিজেদের অবস্থান নিয়ে ভারত আগে থেকে কিছু বলতে চায় না।

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং-এর সঙ্গে এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে এস জয়শঙ্কর বলেন, বিচক্ষণতা এবং নীতিগত জায়গা থেকে তার দেশ এ ধরনের ভোটাভুটির ক্ষেত্রে আগাম মন্তব্য করে না।

কূটনীতিকরা জানিয়েছেন, মঙ্গলবার বা বুধবার সাধারণ পরিষদের খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটি হতে পারে।

উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে যখন আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা বড় অংশ প্রবলভাবে সরব, তখন ভারত কিন্তু মোটের ওপর তাদের পুরনো বন্ধুর পাশেই দাঁড়িয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে জাতিসংঘে তারা একবারও রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি। সর্বশেষ গত সেপ্টেম্বরের শেষের দিকে নিরাপত্তা পরিষদে রাশিয়ার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র ও আলবেনিয়ার তোলা একটি প্রস্তাবেও ভোটদানে বিরত ছিল ভারত।

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ১০ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language