দক্ষিণ এশিয়া

কংগ্রেস সভাপতি পদে মনোনয়নপত্র নিলেন শশী থারুর

নয়াদিল্লী, ২৪ সেপ্টেম্বর – ভারতের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের পরবর্তী সভাপতি কে হবেন? লড়াইয়ের জল্পনায় একাধিক নাম সামনে এলেও, প্রতিযোগী হিসেবে প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ নিলেন শশী থারুর। কারণ কেরালার সংসদ সদস্য শশী থারুর সভাপতি পদে লড়তে এরই মধ্যে মনোনয়নপত্র তুলেছেন। খবর এনডিটিভির।

কংগ্রেসের জি-২৩ গোষ্ঠী বা বিক্ষুব্ধ ২৩ জন নেতার মধ্যে অন্যতম থারুরই প্রথম নেতা যিনি রাহুল-সোনিয়া গান্ধীর আড়াই দশক সভাপতিত্বের পর দলের ভার কাঁধে নিতে নির্বাচনে লড়ার পথে প্রথম ধাপ এগোলেন। তবে লড়াই সহজ নয়। গান্ধী পরিবারের কেউ শেষ পর্যন্ত না লড়লে, থারুরের মূল প্রতিপক্ষ হতে চলেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা ও গান্ধী পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত অশোক গহলৌত।

সভাপতি পদের জন্য কোনো গান্ধীই প্রতিযোগিতায় নেই, কংগ্রেসের সাম্প্রতিক ইতিহাসে এমন ঘটনা বিরল। বর্তমানে ‘ভারত জোড়ো’ যাত্রার নেতৃত্বে দিচ্ছেন রাহুল। তাকেই সভাপতি পদে বসার জন্য আবেদন-নিবেদনের পর্ব চলছে এখনো। এমনকি গহলৌত নিজে রাহুলকে পদে ফেরার আবেদন জানিয়েছিলেন। কিন্তু ২০১৯-এর লোকসভা ভোটে বিপর্যয়ের পর কংগ্রেস সভাপতির পদ সেই যে ছেড়েছেন রাহুল, আর সেখানে ফিরতে চাননি তিনি

জানা গেছে, এক টানা ১৯ বছর সভানেত্রীর দায়িত্ব পালন করার পর ছেলে রাহুলের হাতে ভার সঁপেছিলেন সোনিয়া গান্ধী। ঘটনাচক্রে রাহুলের পদত্যাগের পর আবার সোনিয়াকেই অন্তর্বর্তী সভানেত্রীর ভার নিতে হয়। এখনো তিনি সেই পদই সামলাচ্ছেন। ১৭ অক্টোবর হবে কংগ্রেসের সভাপতি নির্বাচন।

এদিকে সভাপতি পদের জন্য গহলৌত ও থারুরের লড়াই যখন প্রায় নিশ্চিত, ঠিক তখনই কংগ্রেস মুখপাত্র গৌরব বল্লভ খোলাখুলিভাবে গহলৌতের সমর্থনে এগিয়ে আসেন। বৃহস্পতিবার গৌরব তীব্র কটাক্ষ করেন থারুরকে ও তিনি যে গহলৌতকেই সমর্থন করছেন তা জানিয়ে দেন।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ২৪ সেপ্টেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language