উত্তর আমেরিকা

মেক্সিকোতে বারে বন্দুক হামলা, নিহত ১০

মেক্সিকো সিটি, ২৩ সেপ্টেম্বর – উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর একটি বারে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। দেশটির মধ্যাঞ্চলীয় শিল্প এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশের তারিমোর পৌরসভায় স্থানীয় সময় বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় জানায়, বন্দুকধারীর হামলায় ঘটনাস্থলে ৯ জনের মৃতদেহ পাওয়া গেছে। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

গুয়ানাজুয়াতোর গভর্নর দিয়েগো সিনহুয়ে রদ্রিগেজ এই ঘটনাকে ‘কাপুরুষোচিত আক্রমণ’ বলে নিন্দা করেছেন। সেখানে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।
সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন নামে দুটি গ্রুপের মধ্যে বিরোধের কারণে গুয়ানাজুয়াতো মেক্সিকোর অন্যতম সহিংস প্রদেশে পরিণত হয়েছে। এই গ্রুপ দু’টি মাদক ও চোরাই জ্বালানি পাচার নিয়ন্ত্রণের জন্য একে অপরের বিরুদ্ধে লড়াই করে থাকে।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ২৩ সেপ্টেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language