
বলা হয়, বাংলাদেশের প্রথম পাঁচ তারকা হোটেল এটি। ২০১৪ সালে বিশ্বের অন্যতম বিলাসবহুল হোটেল হিসেবে পুরষ্কার জিতে নেয় গ্র্যান্ড সুলতান। শ্রীমঙ্গলের উঁচু নিচু টিলা, মায়াবী সবুজ গাছগাছালি, চা বাগান আর এরই মাঝে আধুনিক সকল আয়োজন নিয়ে দাঁড়িয়ে আছে এই হোটেল। অবসরের সময়টা আরাম আয়েসে কাটিয়ে দিতে দেশের বাইরে কেন? যেতে পারেন এখানেই।
সাজ সজ্জায় পরিপূর্ণ অভিজাত একটি হোটেল

১৩.২ একর জায়াগা নিয়ে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের এই হোটেলটি। দেশী-বিদেশী পর্যটকেরা এখানে চমৎকার সময় তো কাটাতে পারবেনই, পাশাপাশি শ্রীমঙ্গলের পর্যটনস্থলগুলোতে ঘুরে বেড়াতে পারবেন হোটেল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায়। খেলাধুলার জন্য রয়েছে একটি অসাধারন ৯ হোল অ্যামেচার গল্ফ মাঠ, লং টেনিস মাঠ, ব্যাডমিন্টন, বিলিয়ার্ড ও টেবিল টেনিস খেলার আয়োজন। শিশুদের জন্য আলাদা প্লে জোন রয়েছে।
ঝলমলে সুইমিং পুল এবং গ্র্যান্ড সুলতান

সুদৃশ্য ৩টি সুইমিং পুলে রয়েছে পানির তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা। থ্রিডি থিয়েটার হলে সিনেমা দেখা, পাঠাগারে বই পড়ে সময় কাটানো আর গলফ মাঠে খেলাধূলা সবমিলিয়ে অবকাশ যাপনের সকল ব্যবস্থাই আছে এখানে। এছাড়াও আছে জিমনেশিয়াম, স্পা কর্ণার আর ম্যাসেজ পার্লার।
ব্যক্তিগত ভ্রমণ ছাড়াও ব্যবসায়িক পার্টি বা বড় কোন আয়োজনের জন্যও বেছে নিতে পারেন গ্র্যান্ড সুলতানকে। এখানে রয়েছে ১২০০ জনের স্থান সংকুলান হয় এমন ভবন যার নাম রোশনি মহল এবং ৭৫০ জনের স্থান সংকুলান হয় এমন ভবন নওমি মহল।
ফোয়ারা ডাইন, শাহী ডাইন ও অরণ্য বিলাস নামের ৩৩০ আসন বিশিষ্ট ফাইভ স্টার মানের রেষ্টুরেন্ট। এছাড়াও রয়েছে গল্ফ পাহাড়িকা, পুল ডেক ও ক্যাফে মঙ্গল নামে দুর্দান্ত তিনটি ক্যাফে। কর্পোরেট অতিথিদের জন্য ভিন্ন মাত্রার সুবিধা যোগ করা হয় এখানে। মিটিং করার জন্য প্রয়োজনে পাবেন ৩টি অত্যাধুনিক মিটিং কক্ষ।
ব্যক্তিগত হ্যালিকপ্টারে সরাসরি গ্র্যান্ড সুলতানের গলফ মাঠে নামতে পারবেন আপনি।
অবস্থানঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল।









