এশিয়া

ইন্দোনেশিয়ায় আবারও ভূমিকম্পের আঘাত

 

বোর্নিও, ১১ সেপ্টেম্বর – ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় একটি দ্বীপ। তবে এর প্রভাবে সুনামির কোনো আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছে স্থানীয় আবহাওয়া অফিস।

রোববারের এ ভূমিকম্পে কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্থ প্রায় ২০০ মানুষকে উঁচু এলাকায় সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমণ সংস্থা বিএনপিবি।

ভূমিকম্পটির উৎপত্তি সুমাত্রার পশ্চিমে মেনতাওয়াই দ্বীপে ভূপৃষ্ঠের ২৭ কিলোমিটার গভীরে। কর্তৃপক্ষ জানিয়েছে, কিছুক্ষণ পর একই এলাকায় ৫ দশমিক ৩ মাত্রার একটি পরাঘাত হয়। তবে সুনামির কোনো আশঙ্কা নেই।

বিএনপিবি জানিয়েছে, ভূমিকম্পের সময় মাথায় কাঠ পড়ে এক ব্যক্তি জখম হন আর স্থানীয় একটি স্কুল ও একটি স্বাস্থ্য কেন্দ্র কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

মেনতাওয়াই এর বাসিন্দা নুরজুলি হাসনাহ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, কম্পন খুব শক্তিশালী ছিল এবং তার কাঠের বাড়িটি কেঁপে উঠেছিলো। অনেক বাসিন্দা এখনও আশ্রয় কেন্দ্রেই আছেন তবে কিছু মানুষ তাদের বাড়িতে ফিরে গেছেন।

একইদিন বিশাল ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জের পূর্বে ইস্টার্ন নিউ গিনি অঞ্চলের পাপুয়া নিউ গিনিতে ৭ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। অতি শক্তিশালী এ ভূমিকম্পে কিছু মানুষ আহত, সম্পদের ক্ষয়ক্ষতি হয় ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে শনিবার ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিলো। শনিবার এর আগে একই এলাকার কাছে ৬ দশমিক ১, ৫ দশমিক ৯ ও ৫ দশমিক ৫ মাত্রার আরও তিনটি ভূমিকম্প আঘাত হানে।

প্রায় ২৭ কোটি মানুষের দেশ ইন্দোনেশিয়া তথাকথিত ‘প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলার’ (প্যাসিফিক রিং অব ফায়ার) ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক হাজার দ্বীপ নিয়ে গঠিত। এ অঞ্চলটিতে ভূত্বকের কয়েকটি পৃথক টেকটোনিক প্লেট এসে মিলেছে আর তাই এখানে ঘন ঘন ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের মতো ঘটনা ঘটে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১১ সেপ্টেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language