পুতিনেই আস্থা ৮১ ভাগ রাশিয়ানের

মস্কো, ০৪ সেপ্টেম্বর – রাশিয়ার ৮১ দশমিক এক শতাংশ নাগরিক প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের প্রতি আস্থা প্রকাশ করেছেন। এদের মধ্যে ৭৮ দশমিক এক শতাংশ প্রেসিডেন্টের কাজের সমর্থন দিয়েছেন। অল রাশিয়ান পাবলিক ওপিনিয়ন রিসার্চ সেন্টারের জরিপের ফলাফলে এ কথা জানানো হয়। গত ২২ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত ১৮ বছর বয়সের বেশি ১ হাজার ৬০০ জনের মতামতের ভিত্তিতে এই জরিপ রিপোর্ট প্রকাশ করা হয়।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের কাজের অনুমোদনের হার ছিল ৭৮ দশমিক এক শতাংশ যা আগের সপ্তাহের চেয়ে শূন্য দশমিক ৩ শতাংশ কম। গত সপ্তাহে প্রধানমন্ত্রীর ইতিবাচক মূল্যায়ন ছিল ৫১ দশমিক আট শতাংশ; যা আগের সপ্তাহের তুলনায় শূন্য দশমিক আট শতাংশ বেশি। আর রাশিয়ান সরকারের জন্য ইতিবাচক মূল্যায়ন ৫০ দশমিক আট শতাংশ; যা আগের সপ্তাহের চেয়ে শূন্য দশমিক এক শতাংশ কম।
জরিপে অংশগ্রহণকারীদের ভøাদিমির পুতিনের প্রতি তাদের আস্থার বিষয়ে জিজ্ঞাসা করা হলে, ৮১ দশমিক এক শতাংশ ইতিবাচকভাবে উত্তর দিয়েছেন। তবে গত সপ্তাহের চেয়ে এই হার কিছুটা কমেছে। প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিনের বিষয়ে ইতিবাচক বলেছেন ৬২ দশমিক পাঁচ শতাংশ উত্তরদাতা। প্রধানমন্ত্রীর ওপর আস্থার চিত্র আগের সপ্তাহের মতোই আছে। জরিপে অংশগ্রহণকারীরা বিভিন্ন সংসদীয় দলের প্রধানদের প্রতি তাদের আস্থা প্রকাশ করেছেন। রাশিয়ান ফেডারেশনের কমিউনিস্ট পার্টি (সিপিআরএফ) নেতা গেনাডি জুগানভ উত্তরদাতাদের ৩৩ দশমিক ছয় শতাংশ আস্থা অর্জন করেছেন; যা আগের সপ্তাহের চেয়ে তিন শতাংশ কম। এ জাস্ট রাশিয়া-ফর ট্রুথের নেতা সের্গেই মিরোনভ ৩১ দশমিক সাত শতাংশ এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি অফ রাশিয়া’র প্রতি (এলডিপিআর) ১৭ দশমিক পাঁচ শতাংশ আস্থা প্রকাশ করেছেন জরিপে অংশগ্রহণকারীরা এবং নিউ পিপল পার্টির নেতা আলেক্সি নেচায়েভ ১০ দশমিক ৯ শতাংশ সমর্থন পেয়েছেন। জরিপে আরও প্রকাশ করা হয়েছে যে, ইউনাইটেড রাশিয়া পার্টির সমর্থনের মাত্রা ৪০ দশমিক দুই শতাংশ এবং সিপিআরএফ ১০ দশমিক দুই শতাংশ নাগরিকের সমর্থন পেয়েছে।
সূত্র: দেশ রূপান্তর
এম ইউ/০৪ সেপ্টেম্বর ২০২২









