দক্ষিণ এশিয়া

‘মার্কিন ড্রোনকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে পাকিস্তান’

ইসলামাবাদ, ২৮ আগস্ট – আফগানিস্তানের নাগাল পেতে পাকিস্তান তাদের আকাশসীমা মার্কিন ড্রোনকে ব্যবহার করার অনুমতি দিয়েছে। তালেবানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মুল্লাহ মোহাম্মদ ইয়াকুব এ মন্তব্য করেছেন। তবে কাবুলে মার্কিন ড্রোন হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আগেই অস্বীকার করেছে পাকিস্তান।

মুল্লাহ মোহাম্মদ ইয়াকুব কাবুলে রোববার (২৮ আগস্ট) বলেন, পাকিস্তান হয়েই মার্কিন ড্রোন আফগানিস্তানে প্রবেশ করে। তিনি বলেন, আমরা পাকিস্তানকে বলেছি, আমাদের বিরোধিতা করতে যেন অন্যদের আকাশসীমা ব্যবহার করতে না দেয়।

তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সম্প্রতি মার্কিন ড্রোন হামলায় নিহত হন আল-কায়দার শীর্ষ নেতা ও ৯/১১-র মূল চক্রান্তকারী আল-জাওয়াহিরি।

মার্কিন ড্রোন হামলার খবর তারা আগেই জানতো, আফগানিস্তানের আনা এই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান কর্তৃপক্ষ।

আফগানিস্তানের শাসক তালেবান যখন পাকিস্তান ও পাকিস্তানি তালেবানের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে, এই পরিস্থিতিতে ইয়াকুবের মন্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আফগানিস্তান বাণিজ্যের কারণে পাকিস্তানের ওপর অনেক বেশি নির্ভরশীল। এদিকে অর্থনৈতিক বিপর্যয়ে জর্জরিত পাকিস্তান। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই কারণে যুক্তরাষ্ট্রকে সাহায্য করে ‘সুনজরে’ থাকতে চাইছে পাকিস্তান।

এদিকে তালেবান বলেছে যে, তারা জুলাইয়ে হওয়া মার্কিন ড্রোন অভিযানের তদন্ত করছে। আল-কায়দা নেতার মরদেহ খুঁজে পাওয়া যায়নি বলেও জানিয়েছে তালেবান।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/২৮ আগস্ট ২০২২


Back to top button
🌐 Read in Your Language