দক্ষিণ এশিয়া

একটি গরুও যেন জবাই না হয়, নির্দেশ মহারাষ্ট্রের স্পিকারের

মুম্বাই, ০৯ জুলাই – ১০ জুলাই কোরবানী ঈদ। সেদিন ভারতের মহারাষ্ট্রে একটি গরু হত্যাও যাতে না হয় সেটা নিশ্চিত করতে প্রদেশের ডিজিপি তথা পুলিশ প্রধানকে চিঠি দিলেন মহারাষ্ট্র বিধানসভার স্পিকার রাহুল নারভেকর। প্রসঙ্গত সম্প্রতি একনাথ শিন্ডের সরকারে নতুন স্পিকার হয়েছেন রাহুল নরভেকর। এদিকে এই নির্দেশকে ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

তবে মহারাষ্ট্রে গোহত্যাকে অপরাধ বলে গণ্য় করা হয়। বিজেপি-শিবসেনা পরিচালিত সরকার গো হত্যাকে কার্যত নিষিদ্ধ করেছে মহারাষ্ট্রে। অনুমতি ছাড়াই জবাই করার জন্য গরু বিক্রি ও গো মাংস বিক্রি করলে জরিমানার নির্দেশও রয়েছে। ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পাঁচ বছর পর্যন্ত জেলও হতে পারে। তবে স্থানীয় প্রশাসনের কাছ থেকে ফিট টু স্লটার সার্টিফিকেট নেওয়ার পরে গরু কাটা যেতে পারে।

এদিকে এর আগে আসামের এআইইউডিএফ বিধায়ক বদরুদ্দিন আজমল জানিয়েছিলেন, গরুর সঙ্গে হিন্দুদের আবেগ জড়িয়ে রয়েছে। গো মাতা বলে তারা পুজা করেন। সেক্ষেত্রে এবার ঈদে গো হত্যা করবেন না। তার এই আবেদনকে স্বাগত জানিয়েছিল হিন্দুত্ববাদী সংগঠন। তবে এবার মহারাষ্ট্রে গো হত্যা বন্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে সরকার। একেবারে পুলিশকে চিঠি দিয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। কেউ যাতে কোনওভাবেই কোরবানী ঈদে গরু জবাই না করতে পারেন তার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: দেশ রূপান্তর
এম ইউ/০৯ জুলাই ২০২২


Back to top button
🌐 Read in Your Language