কক্সবাজার

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফের যুবক খুন

কক্সবাজার, ২২ জুন – কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ১২ ঘণ্টার ব্যবধানে ফের খুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে হেড মাঝি আজিম নিহত হয়ে দাফন হবার ৬ ঘণ্টার মাথায় যুবকের হাত-মুখ বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

উখিয়ার কুতুপালংয়ের ৪ নম্বর ক্যাম্প থেকে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ সমিন (৩০) ৪ নম্বর ক্যাম্পের মধুরছড়ার সি ব্লকের বাসিন্দা।

১৪ এপিবিএন সূত্র জানায়, ক্যাম্পের বাসিন্দারা সমিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এপিবিএনকে খবর দেয়। তারা তাকে ক্যাম্পের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। সমিনের সারা শরীরে লাঠি ও রডের আঘাতের চিহ্ন আছে। তার পেটে ছুরিকাঘাত করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সুরতহাল শেষে সমিনের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বিকেলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার পর থেকে ক্যাম্পে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

উল্লেখ্য, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ব্লকের হেড মাঝি (নেতাকে) আজিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বৃহস্পতিবার রাতে। রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়। এসময় আরও দুইজনকে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় ১৫ জনকে প্রত্যক্ষ ও ১৫-২০ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। এ পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ এপিবিএনের এসপি শিহাব কায়সার খান।

সূত্র : ইত্তেফাক
এম এস, ২২ জুন

Back to top button
🌐 Read in Your Language