ইউরোপ

পুতিনের পরমাণু ব্রিফকেস বহনকারী নিজ বাসায় গুলিবিদ্ধ

মস্কো, ২২ জুন – রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরমাণু ব্রিফকেস বহনকারী কেজিবির সাবেক গুপ্তচর কর্নেল (অবসরপ্রাপ্ত) ভাদিম জিমিন তার নিজের ফ্ল্যাটে গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার তাকে মস্কোর কাছে ওই ফ্ল্যাটে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। জিমিনকে স্থানীয় হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর। এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত, তা জানা যায়নি।

মস্কোর সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনার সময় ক্রাসনোগোর্কের ওই ফ্ল্যাটে ৫৩ বছরের জিমিনের স্ত্রী ছিলেন না। স্বাস্থ্য পরিসেবার সঙ্গে যুক্ত ওই নারী বর্তমানে ইউক্রেনে রুশ সেনাবাহিনীর সঙ্গে রয়েছেন। ফ্ল্যাটের বাথরুমে ছিলেন জিমিনের ভাই। তিনিই রক্তাক্ত অবস্থায় জিমিনকে পড়ে থাকতে দেখেন। তার মাথায় বুলেটের ক্ষতচিহ্ন ছিল। জিমিনের পাশেই পড়েছিল একটি রাবার বুলেট ছোড়ার পিস্তল।

কী কারণে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের প্রাক্তন কর্মী জিমিনকে গুলি করা হল, তা স্পষ্ট নয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। এই ঘটনা আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও শিরোনামে উঠে এসেছে। পুতিনের পরমাণু অস্ত্রসম্ভারের নিয়ন্ত্রণ যে ব্রিফকেস রয়েছে, সেটি সর্বক্ষণ বহন করাই নাকি জিমিনের দায়িত্ব ছিল। ওই ব্রিফকেসটি নিয়ে প্রায় সর্বক্ষণই পুতিনের পাশে থাকতে দেখা যেত তাকে।

স্থানীয় সংবাদমাধ্যমের আরও দাবি, সম্প্রতি শুল্ক বিভাগে যোগ দেয়ার পর জিমিনের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। তিনি গৃহবন্দিও ছিলেন বলে জানা যায়। এই ঘটনার সঙ্গে তার কোনো যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ২২ জুন


Back to top button
🌐 Read in Your Language