ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দুতার্তের কন্যা

ম্যানিলা, ২০ জুন – ফিলিপাইনের বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বড় মেয়ে সারা দুতার্তে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। দাভাওতে এক অনুষ্ঠানে ফিলিপাইনের জনগণকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেছেন তিনি।
৪৪ বছর বয়সী সারা দুতার্তে জাতীয় রাজনীতিতে নাম লেখানোর আগে দাভাও শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এর আগে তিনি নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেন সারা।
যদিও তার বাবার মানবাধিকারের ইতিহাস বিতর্কিত। মাদকের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে হাজার হাজার ব্যক্তিকে গুলি করে মারার অভিযোগ রয়েছে রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে অবস্থিত তাদের আদিনিবাসের শহর দাভাও-তে সারা দুতার্তের অভিষেক অনুষ্ঠিত হয়। ফিলিপাইনের সংবিধান অনুযায়ী ৩০ জুন দায়িত্ব বুঝে নেওয়ার দুই সপ্তাহ আগেই তিনি শপথ পাঠ করলেন।
ফিলিপাইনে নবনির্বাচিত প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র, সারা দুতার্তের সঙ্গে নির্বাচনে লড়াই করেন (রানিং মেট)। মার্কোস জুনিয়র ৩০ জুন ম্যানিলায় শপথ গ্রহণ করবেন।
সারা দুতার্তে এবং মার্কোস জুনিয়রের নির্বাচনী জয় বামপন্থী এবং মানবাধিকার সংস্থাগুলোকে শঙ্কায় ফেলে দিয়েছে। এর কারণ হিসেবে তাদের বক্তব্য, এই দুজনই তাদের বাবাদের আমলে হওয়া ব্যাপক মানবাধিকার লঙ্ঘনগুলো স্বীকার করেননি।
সূত্র : কালের কণ্ঠ
এম এস, ২০ জুন









