গাইবান্ধা

নীরবেই ঝরে যাচ্ছে মানসিক ভারসাম্যহীন শিশু নীরবের প্রাণ

আবু জাফর

গাইবান্ধা, ১১ নভেম্বর – হাত-পা বাঁধা অবস্থায় বন্দি জীবন কাটে ১০ বছরের শিশু নীরবের। দিনে গাছ আর রাতে বেঁধে রাখা হয় খাটের সাথে। নিজের এবং অন্যের যেন ক্ষতি করতে না পারে, তাই বেঁধে রাখতে হয় তাকে। আর খরচ যোগাতে না পারায় হচ্ছে না শিশুটির উন্নত চিকিৎসা। এভাবেই দিন রাত হাত-পা বাঁধা অবস্থায় কাটে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পূর্ব কাতলামারী গ্রামের ১০ বছরের শিশু নীরবের। মানুষ দেখলেই নীরবের চোখে-মুখে হিংস্রতা দেখা দেয়। কখনও কামড় দিতে আসে আবার কখনও মাথা দিয়ে আঘাত করতে চায়।

২০১০ সালের ১লা জানুয়ারি জন্মের পর থেকেই নানা শারীরিক সমস্যা নিয়ে বেড়ে ওঠে শিশুটি। সহায় সম্বল বিক্রির পাঁচ লক্ষাধিক টাকা ব্যয়ে চিকিৎসা করলেও সুস্থ হয়নি নীরব। ছাড়া পেলে নিজের ও অন্যের ক্ষতি করে সে। আর কাছে গেলেই করে আক্রমণ।

রাতে ঘুমের ওষুধ খাইয়ে হাত-পা বেঁধে রাখলেও আতঙ্ক কাটে না পরিবারের। মানসিক ভারসাম্যহীন শিশু নীরবকে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন গাইবান্ধা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এমদাদুল হক প্রামাণিক। সরকার বা সমাজের বিত্তবানদের সহায়তায় স্বাভাবিক জীবনে ফিরবে নীরব এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

সুত্র : বিডি২৪লাইভ
এন এ/ ১১ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language