উত্তর আমেরিকা

নির্বাচনের ৭ দিন পর ভোট দিতে বলে হাসির খোরাক ট্রাম্পপুত্র

ওয়াশিংটন, ১১ নভেম্বর- বাবা ডোনাল্ড ট্রাম্প নন। এবার শিরোনামে ট্রাম্পপুত্র এরিক ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় ভুল টুইট করে নেটিজেনদের হাসির খোরাক হলেন তিনি। পরে নিজের ভুল টুইটটি মুছে ফেললেও রেহাই পাননি এরিক। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল তার টুইট।

সম্প্রতি শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচন। রেকর্ড ভোট পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেন। আর ডোনাল্ড ট্রাম্পের হারের পর তাকে নিয়ে একাধিক মিমও ছড়িয়ে পড়ে। কিন্তু এর মধ্যেই ভুলটি করে বসলেন ট্রাম্পের ছেলে এরিক।

এক সপ্তাহ আগে অর্থাৎ ৩ নভেম্বর ছিল সেদেশে ‘‌ইলেকশন ডে’। কিন্তু‌ গত ১০ নভেম্বর স্থানীয় সময় সকাল ৭ টা ৪৫ মিনিটে একটি টুইট করেন এরিক। মিনেসোটার সাধারণ মানুষকে উদ্দেশ্য করে লেখেন, ‘‌‌মিনেসোটা বাইরে বেরোও এবং ভোট দাও।’‌ পরে ভুল বুঝতে পেরে টুইটটি মুছে ফেলা হলেও, ততক্ষণে পোস্টটি ভাইরাল হয়ে যায়।

নেটিজেনরাও সঙ্গে সঙ্গে বিষয়টি লক্ষ্য করেন। তারা বুঝতে পারেন, পোস্টটি টুইটারে সিডিউল করা ছিল। কোনও কারণে ৩ তারিখের বদলে সেটি ১০ তারিখের জন্য সিডিউল করা হয়েছিল। আর সেকথাই অনেকে উল্লেখ করেন‌। অনেকেই আবার এরিককে নিয়ে মজা করেন।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন
আডি/ ১১ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language