বরিশাল

মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় যুবক আটক

বরিশাল, ১০ নভেম্বর- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি করার অভিযোগে সজল কুমার শীল (২৫) নামের এক যুবককে এলাকাবাসীর সহায়তায় আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার খড়কী এলাকা থেকে আটককৃত সজল পাতারহাট হাছনা সুপার মার্কেটের পার্টস ব্যবসায়ী শংকরের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার রাতে সজল শীল ফেসবুকে তার ব্যক্তিগত আইডি থেকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। মঙ্গলবার সকালে এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দেয়। জনরোষ থেকে রক্ষা পেতে সজল আত্মগোপনে করে। এ নিয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা শহরে উত্তেজনা দেখা দিলে পুলিশ দুপুরে এলাকাবাসীর সহযোগিতায় সজলকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ওসি আবিদুর রহমান পূর্বপশ্চিমকে জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে। উপজেলায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।

সূত্র: পূর্বপশ্চিমবিডি

আর/০৮:১৪/১০ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language