ইউরোপ

ইউক্রেনের আদালতে দোষী সাব্যস্ত আরও ২ রুশ সেনা

কিয়েভ, ২৬ মে – ইউক্রেনের আদালতে রাশিয়ার দুই গোলন্দাজ যুদ্ধাপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। দেশটিতে এটি যুদ্ধাপরাধের দ্বিতীয় বিচার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

ওই দুই রুশ গোলন্দাজ হলেন— আলেকজান্ডার ববিকিন ও আলেকজান্ডার ইভানভ।

তাদের বিরুদ্ধে যুদ্ধের আইন লঙ্ঘন করে ইউক্রেনের শহরে গোলা নিক্ষেপ করার অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউটররা তাদের উভয়ের ১২ বছরের জেল চান।

প্রসিকিউটররা জানিয়েছেন, তাদের ছোড়া গোলায় দেরহাচি শহরের একটি শিক্ষপ্রতিষ্ঠান ধ্বংস হয়েছে।

পোলটাভা অঞ্চলের কোটেলভার আদালতে অভিযুক্ত ববিকিন বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সে দোষ আমি স্বীকার করে নিচ্ছি। আমরা রাশিয়া থেকে ইউক্রেনে গোলা নিক্ষেপ করেছি।

অপরদিকে ইভানভ বলেন, আমি অনুতপ্ত এবং সাজা যেন কম দেওয়া হয় সে বিষয়ে আবেদন করছি।

তাদের পক্ষের আইনজীবী বলেন, তাদের প্রতি আদালত যেন একটু নমনীয় হয়। কেননা, তারা আদেশ পালন করেছেন মাত্র।

রাশিয়ার কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

৩১ মে চূড়ান্ত রায় হতে পারে বলে খবরে বলা হয়।

এর আগে কিয়েভের একটি আদালত রাশিয়ার এক ট্যাংক কমান্ডারকে যুদ্ধাপরাধের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। সেটি ছিল রুশ আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনে যুদ্ধাপরাধের প্রথম বিচার।

২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে। এর পর থেকে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে অসংখ্য যুদ্ধাপরাধের অভিযোগ আনে কিয়েভ। এর মধ্যে তারা রুশ সেনাদের বিচারও শুরু করেছে।

সূত্র: সমকাল
এম ইউ/২৬ মে ২০২২


Back to top button
🌐 Read in Your Language