বিচিত্রতা

প্রিয় খাবারের নাম শুনেই উঠে বসলেন কোমায় থাকা রোগী

‘‌থ্রি ইডিয়টস’ সিনেমার সেই দৃশ্যটা মনে আছে? অসুস্থ বন্ধু রাজুকে (‌শরমন যোশি)‌ সুস্থ করতে নানা মজার কথা বলে চলেছেন দুই বন্ধু র‌্যাঞ্চো (‌আমির খান)‌ এবং ফারহান (‌আর মাধবন)‌‌। শেষে সুস্থও হয়ে ওঠে বন্ধু। যেন তারই ‘অ্যাকশন রিপ্লে’ এবার বাস্তবে। ভাইয়ের মুখে প্রিয় খাবারের নাম শুনে উঠে বসলেন কোমায় আচ্ছন্ন থাকা রোগী! অবাক হলেন তো? সত্যি এমনটাই ঘটেছে তাইওয়ানে। প্রিয় চিকেন ফিলেটের নাম শুনে জ্ঞান ফিরল ৬২ দিন ধরে কোমায় থাকা এক ১৮ বছর বয়সী তরুণের। তাই তাইওয়ানের ঘটনাটি নিয়ে বেশ আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, সম্প্রতি একটি স্কুটার দুর্ঘটনায় গুরুতর আহত হন চিউ নামে ১৮ বছর বয়সী ওই তরুণে। শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে। ডানদিকের কিডনি, লিভারসহ একাধিক জায়গায় গুরুতর আঘাত ছিল। এরপর তাঁকে ভর্তি করা হয় সিনচু কাউন্টির একটি হাসপাতালে। সেখানেই একাধিক অস্ত্রোপচার করা হয় তাঁর। সবকিছু ঠিকঠাক হলেও কোমায় চলে যান চিউ। এরপর ৬২ দিন ধরে কোমাতেই ছিলেন তিনি। মাঝে আরো ছ’‌টি গুরুত্বপূর্ণ অপারেশন করা হয়। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। এর মধ্যেই একদিন চিউয়ের ভাই মজা করেই তাঁর সামনে বলে, ‘‌আমি তোমার প্রিয় চিকেন ফিলেট খেতে যাচ্ছি।’‌

আশ্চর্য! এরপরই জ্ঞান ফিরে আসতে থাকে চিউয়ের। স্বাভাবিক হতে থাকে হৃদস্পন্দন। চিউয়ের পছন্দের খাবারের নামটাই কাজ করতে থাকে ম্যাজিকের মতো। চিকিৎসকরাও অবাক হয়ে যান। বর্তমানে পুরোপুরি সুস্থ হয়ে বাড়িও ফিরে গিয়েছেন চিউ। পরে হাসপাতালে ফিরে এসে ধন্যবাদ জানাতে সেখানকার কর্মী, কর্মকর্তা ও চিকিৎসকদের কেকও খাইয়েছেন। এবার হয়ত চিকেন ফিলের স্বাদ নেবেন প্রায় মাস দুই পর।

সূত্র: সংবাদ প্রতিদিন, তাইওয়ান নিউজ

আর/০৮:১৪/৯ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language