দক্ষিণ এশিয়া

এবার ডলারের বিপরীতে ভারতীয় রুপির ভয়াবহ দরপতন

নয়াদিল্লি, ১৯ মে – ভারতে ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা রুপির লেনদেন হয়েছে সর্বকালের সর্বনিম্ন হারে। বৃহস্পতিবার সেখানে প্রতি ডলার বিক্রি হয়েছে ৭৭.৭৩ রুপিতে। এই বিনিময় হারেই লেনদেন শেষ হয়েছে। গত দশটি ট্রেডিং সেশনেই রুপি ক্রমশ দুর্বল হয়েছে। এ নিয়ে পঞ্চমবারের মতো রুপি দুর্বল রেকর্ড করেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। ব্লুমবার্গ দেখিয়েছে রুপি সর্বকালের সর্বনিম্ন ৭৭.৭৩-তে এসে দুর্বল হয়ে পড়েছে।

অন্যদিকে পিটিআই জানিয়েছে, অস্থায়ীভাবে ৭৭.৭২ রুপিতে প্রতি ডলার বিক্রি শেষ হয়েছে। বুধবার একতরফা মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক মন্দার উদ্বেগের জন্য রুপি রেকর্ড সর্বনিম্ন ৭৭.৬১-তে লেনদেন বন্ধ হয়। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া হস্তক্ষেপ না করলে মুদ্রার ক্ষতি আরও অনেক বেশি হতে পারত।

রাশিয়ার ইউক্রেন আক্রমণের কয়েকদিন পর এ বছরের মার্চ মাসে প্রথমবারের মতো রুপির দামের রেকর্ড সর্বনিম্ন ছুঁয়ে যায়। এর পর থেকে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক তার বৈদেশিক মুদ্রার রিজার্ভের মাধ্যমে রুপিকে রক্ষা করেছে।

ইউরোপের এই যুদ্ধ ইতিমধ্যে উচ্চ মূল্যস্ফীতির দিকে আরও ধাক্কা দিয়েছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর প্রভাব ফেলতে পারে।

সূত্র: মানবজমিন
এম ইউ/১৯ মে ২০২২


Back to top button
🌐 Read in Your Language