দক্ষিণ এশিয়া
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় শিশুসহ নিহত ৬

ইসলামাবাদ, ১৫ মে – পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী এক বোমা হামলায় তিন নিরাপত্তাকর্মী ও তিন শিশু নিহত হয়েছেন।
রোববার দেশটির আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রোববার এই খবর প্রকাশ করেছে জিওটিভি।
আইএসপিআর জানায়, উত্তর ওয়াজিরিস্তানের মিরান শাহ এলাকায় এক আত্মঘাতী বোমা হামলা চালালে এই নিহতের ঘটনা ঘটে। নিহত তিন নিরাপত্তাকর্মী হলেন হাবিলদার জুবায়ের কাদির ও সিপাহী আসগর ও কাসিম মাকসুদ। নিহত তিন শিশু হলো- আনাম (৪), আহসান (৮) ও আহমেদ জাসান।
এই ঘটনার পর আত্মঘাতী হামলাকারীকে শনাক্ত এবং তার সগযোগীদের ধরতে দেশটির গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।
সূত্র: সমকাল
এম ইউ/১৫ মে ২০২২









