পাবনা

পিস্তল হাতে ফেসবুকে ছবি দেয়া ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ

পাবনা, ০৬ মে – পাবনার সুজানগরে আবু বক্কার সিদ্দিকী ওরফে রাতুল নামের এক ছাত্রলীগ নেতা পিস্তল হাতে ফেসবুকে ছবি পোস্ট করেছেন। ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ওই ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ।

আবু বক্কার সিদ্দিকী জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং মানিকহাট ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে ছাত্রলীগ নেতা রাতুল ও তার বাবার মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়। তবে পাবনা জেলা ছাত্রলীগের সদ্যবিলুপ্ত কমিটির সভাপতি ফিরোজ আলী তার দলীয় পরিচয় নিশ্চিত করেন এবং আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি জানার পরপরই অস্ত্র হাতে ছবি তোলা ওই যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি পলাতক রয়েছেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ০৬ মে


Back to top button
🌐 Read in Your Language