ইউরোপ

ইউক্রেনের ১৭ সামরিক স্থাপনা উড়িয়ে দেওয়ার দাবি রাশিয়ার

মস্কো, ০১ মে – এক দিনেই ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের ১৭টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে রাশিয়া। এতে দুই শতাধিক ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার সশস্ত্র বাহিনী।

শনিবারের এই হামলা গুলো চালানোর পর ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি কমান্ড পোস্ট এবং রকেট ও আর্টিলারি সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি গুদাম ধ্বংস করার কথা জানিয়েছে রুশ সেনারা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, রুশ বিমান বাহিনীর হামলায় ইউক্রেনের দুই শতাধিক সেনা সদস্য নিহত হওয়ার পাশাপাশি তাদের ব্যবহৃত ২৩টি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে।

অন্যদিকে রাশিয়ার ব্রিয়ানসক অঞ্চলে আবারও বিমান হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় গভর্নর আলেকসান্দার বোগোমাজ এ অভিযোগ করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, ইউক্রেনের সঙ্গে রুশ সীমান্ত অঞ্চলের একটি তেল শোধনাগারে দুটি গোলা আঘাত হানে। তবে ইউক্রেনের যুদ্ধবিমানকে প্রতিহত করে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ইউনিট।

রুশ সংবাদমাধ্যম জানায়, ইউক্রেনের বিমান রাশিয়ার আকাশসীমায় প্রবেশের চেষ্টা করছিল। রাশিয়ার প্রতিরোধের মুখেও দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেনের সামরিক বিমান। বিস্ফোরণের কারণে তেল শোধনাগারের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ব্রিয়ানসক, প্রতিবেশী বেলগোরোদ ও কুরস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইউক্রেন। তারা মূলত রাশিয়ার তেল শোধনাগার ও অন্য অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। এর আগেও আবাসিক এলাকায়ও হামলা চালায় ইউক্রেনীয় সেনারা।

এ ধরনের হামলা অব্যাহত থাকলে কিয়েভের ‘সিদ্ধান্ত-নির্ধারণকারী’ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু বানানোর হুঁশিয়ারি দিয়েছে মস্কো।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ০১ মে


Back to top button
🌐 Read in Your Language