যুক্তরাষ্ট্র অস্ত্র দিতে থাকলে পরিস্থিতি খারাপ হবে, হুঁশিয়ারি মস্কোর

মস্কো, ২৬ এপ্রিল – ইউক্রেনে যুক্তরাষ্ট্র অস্ত্র পাঠাতে থাকলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ বলেছেন, ইউক্রেনে সামরিক সরঞ্জাম সরবরাহের কারণে সংঘাত বেড়েছে। এটা এখন ৬১তম দিনে গড়িয়েছে। খবর- আল-জাজিরার।
আজ বুধবার আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেনে হামলা করার পর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৩৭০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে। আর ২০১৪ সাল থেকে ইউক্রেনকে মোট প্রায় ৬৪০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে, ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ওয়াশিংটনে একটি কূটনৈতিক পত্র পাঠিয়েছে মস্কো। সেটির উল্লেখ করে আন্তোনভ বলেন, আমেরিকানরা আগুনে ঘি ঢালছে।
ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করার পর থেকেই কিয়েভকে অস্ত্রসহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো। এসব অস্ত্রের বেশির ভাগই বিমান ও ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র।
সূত্র: সমকাল
এম ইউ/২৬ এপ্রিল ২০২২









