উত্তর আমেরিকা

‘বন্ধু’ বাইডেনের সামনে ‘কঠিন চ্যালেঞ্জ’ দেখছেন ওবামা

ওয়াশিংটন, ০৮ নভেম্বর- যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাওয়া জো বাইডেনকে সামনের দিনগুলোতে যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে তা অন্য কোনো নতুন প্রেসিডেন্ট দেখেননি বলে মন্তব্য করেছেন বারাক ওবামা।

বাইডেনের চূড়ান্ত বিজয়ের খবর আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করা বিবৃতিতে সাবেক প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘আমাদের পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানাতে এর চেয়ে বেশি গর্বিত হতে পারতাম না।’

বাইডেনকে বন্ধু সম্বোধন করে ওবামা বলেন, ‘জো জয়ী হওয়ায় আমরা ভাগ্যবান। তার সামনে কঠিন চ্যালেঞ্জ। এতদিন কোনো আসন্ন প্রেসিডেন্ট এমন চ্যালেঞ্জের মুখে পড়েননি।’

ট্রাম্পের আমলে কিছু অঞ্চলের অর্থনীতি যেমন ধুঁকেছে, তেমনি যুক্তরাষ্ট্র জুড়ে বিরাজ করেছে সাম্প্রদায়িক হাঙ্গামা। পরিবেশ রক্ষার আন্দোলনগুলো পর্যন্ত মুখ থুবড়ে পড়েছে।

ওবামার একজন মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন, ৪৪তম প্রেসিডেন্ট ওবামা বাইডেন এবং কমলা হ্যারিসকে ফোনে অভিনন্দন জানান।

বাইডেনকে জেতাতে ওবামা নিজেও ক্যাম্পেইন করেছেন। ভোটের আগের দিনগুলোতে কিছু ভোটারকে ফোনে চমকে দেন। সেই ফোনালাপে তারা সবাই বাইডেনকে ভোট দেয়ার অঙ্গীকার করেন।

সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়ে ওবামা বিজয় উপভোগের পরামর্শ দেন। একই সঙ্গে সতর্কও করেন, ‘এখনই সময় বিজয় উপভোগ করার। তবে সংযত থাকতে হবে।’

বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন বিল ক্লিনটনও। তিনি বলেন, ‘আমেরিকা আওয়াজ তুলেছে, গণতন্ত্র জিতেছে।’

আডি/ ০৮ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language