ফ্রান্সে ম্যাক্রোঁ বিরোধীদের বিক্ষোভ, নিহত ২

প্যারিস, ২৫ এপ্রিল – ফ্রান্সের রাজধানী প্যারিসে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী মারিন লে পেনের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে পুলিশের।
রোববার মধ্যরাতের পর প্যারিসের কেন্দ্রীয় এলাকা শ্যাটেলেটে পুলিশের সঙ্গে সংঘাতে জড়ান লে পেনের সমর্থকরা।
একই সময়ে প্যারিসের সিন নদীর সবচেয়ে পুরনো সেতু পন্ট নিউফেও বিক্ষোভ শুরু হয়। সে সময় একটি গাড়ি পুলিশের দিকে তেড়ে আসতে শুরু করলে আত্মরক্ষার্থে গাড়িটি লক্ষ্য করে গুলি করেন আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য। এতে গাড়ির ভেতর থাকা তিনজনের মধ্যে দুজন ঘটনাস্থলেই নিহত হন, আহত হন একজন।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি বেপরোয়া গাড়ি পুলিশের কর্মকর্তাদের দিকে আসতে দেখে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। এতে গাড়িতে থাকা দুজন মারা যান। এ ঘটনায় ইতোমধ্যে তদন্তে নেমেছে প্রশাসন।
এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মোড়ানো ছিল প্যারিস। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেরিন লে পেনকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ।
সূত্র : যুগান্তর
এম এস, ২৫ এপ্রিল









