উত্তর আমেরিকা

ফার্স্ট লেডি হয়েও শিক্ষকতা চালিয়ে যেতে চান বাইডেনের স্ত্রী

ওয়াশিংটন, ০৮ নভেম্বর- যুক্তরাষ্ট্রের ২৩১ বছরের ইতিহাসে প্রথম ফার্স্ট লেডি হিসেবে বিরল একটি রেকর্ড গড়তে যাচ্ছেন জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন। হোয়াইট হাউজের ব্যস্ততা সামলে শিক্ষকতা ‘চালিয়ে যাবেন’ তিনি।

সিবিএসনিউজ জানিয়েছে, পেশাদার শিক্ষিকা হিসেবে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে আগেই ঘোষণা দিয়েছেন জিল।

যুক্তরাষ্ট্রের সরকারি নিয়ম অনুযায়ী, ফার্স্ট লেডিদের নানা ধরনের কাজ করতে হয়। সেসব সামলে অন্য কাজ করা কঠিন।

ইতিহাসবিদ ক্যাথরিন জেলিসন সংবাদমাধ্যমটিকে বলেছেন, যুক্তরাষ্ট্রে এর আগে কোনো ফার্স্ট লেডি পারিশ্রমিকের বিনিময়ে এভাবে অন্য পেশায় থাকেননি।

ডক্টরেট ডিগ্রিধারী জিল বাইডেন দীর্ঘদিন ধরে কমিউনিটি কলেজ শিক্ষিকা হিসেবে কাজ করছেন। স্বামী যেদিন মনোনয়ন নেন, সেদিন কলেজ থেকেই অনলাইনে বিবৃতি দেন তিনি।

গত আগস্টে জিল বাইডেন সিবিএস সানডে মর্নিংকে বলেন, ‘আমি অনেক অভিবাসী এবং শরণার্থীকে পড়াই। তাদের গল্প আমি ভালোবাসি। আমরা হোয়াইট হাউজে গেলেও কাজ ছাড়ছি না।’

জিল সেকেন্ড লেডি (ভাইস প্রেসিডেন্টের স্ত্রী) থাকার সময়ও এসব কাজ করেছেন। জো যখন ভাইস প্রেসিডেন্ট তখন ক্যানসার রোগীদের তহবিল জোগাড় করে দিয়েছেন, সামরিক বাহিনীর সদস্যদের সাহায্য করেছেন।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিতীয় স্ত্রী জিল। তার প্রথম স্ত্রী নিলিয়া হান্টার ও মেয়েকে তিনি হারান এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। নিজের বড় ছেলেকে হারান ক্যানসারে, ২০১০ সালে।

সূত্র: দেশ রূপান্তর
আডি/ ০৮ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language