ইউরোপ

ইউক্রেন যাওয়ার উপকারিতা দেখছেন না পোপ ফ্রান্সিস

প্যারিস, ২৩ এপ্রিল – পোপ ফ্রান্সিস জানিয়েছেন, তিনি ইউক্রেন সফরে যেতে চান না। অথচ ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস চলতি মাসের শুরুর দিকে জানিয়েছিলেন, তিনি কিয়েভে যাবেন।

আর্জেন্টিনার দৈনিক লা ন্যাসিয়ন-কে পোপ ফ্রান্সিস বলেছেন, কিয়েভে যাওয়ার পরের দিনও যদি লড়াই অব্যাহত থাকে, তাহলে সেখানে পোপ গিয়ে লাভটা কী?

ইউক্রেন সফরের পরিকল্পনা থেকে সরে এলেও লড়াই বন্ধে সম্ভব সবকিছু করার ইচ্ছার কথা জানিয়েছেন পোপ ফ্রান্সিস।

গত মার্চ মাসে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত জনতার উদ্দেশে দেওয়া সাপ্তাহিক ভাষণে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে মন্তব্য করেছিলেন পোপ।

তিনি ওই সময় বলেছেন, ইউক্রেনে সামরিক অভিযান নয়, বরং যুদ্ধ চালাচ্ছে রাশিয়া। এই যুদ্ধ ইউক্রেনকে বিপর্যস্ত করে দিচ্ছে। দেশটিতে রক্ত ও অশ্রুর নদী বইছে।

তিনি আরো বলেছেন, এটি কেবল সামরিক অভিযান নয় বরং একটি যুদ্ধ; যা মানুষকে মৃত্যু, ধ্বংস ও দুর্দশার দিকে নিয়ে যাচ্ছে। সৃষ্টিকর্তার দোহাই, দুর্দশাগ্রস্ত মানুষের আর্তনাদ শুনুন এবং বোমাবাজি ও হামলা থামান।

সূত্র : কালের কণ্ঠ
এম এস, ২৩ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language