ইউরোপ

এবার মার্ক জাকারবার্গের ওপর আজীবনের নিষেধাজ্ঞা রাশিয়ার

মস্কো, ২২ এপ্রিল – ইউক্রেনে রুশ সেনা আগ্রাসনের পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিভিন্ন কর্মকর্তা ও অর্থনীতির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তারই পাল্টা জবাবে নতুন করে বেশ কয়েকজন আমেরিকান রাজনীতিবিদ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের রাশিয়ায় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা আরোপ করে।

নিষেধাজ্ঞা দেয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। রাশিয়া সরকার তার ওপর আজীবনের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে। এছাড়া নিষেধাজ্ঞা দেয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও পেন্টাগনের কর্মকর্তারা।

তাদের সবার ওপরই রাশিয়ায় প্রবেশের ক্ষেত্রে আজীবন নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ফলে তারা কখনও আর দেশটিতে প্রবেশ করতে পারবেন না। মার্ক জাকারবার্গ ও কমলা হ্যারিস ছাড়াও আরও ২৭ জনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।

এর আগে গত ২২ মার্চ রাশিয়ায় ফেসবুক বন্ধ করে দেয় দেশটির সরকার। ফেসবুকের সঙ্গে ওই সময় ইনস্টাগ্রামের ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়। সেসময় ফেসবুককে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে এ নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়ার একটি আদালত।

ওই সময় খবর বের হয় প্রেসিডেন্ট পুতিন, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো ও রুশ সেনাবাহিনীর সদস্যদের মৃত্যু ও ধ্বংস কামনা করে দেয়া পোস্টগুলোর ক্ষেত্রে ফেসবুক ছাড় দেয়।

কিন্তু ফেসবুকের নীতিমালা অনুযায়ী কারো মৃত্যু কামনা করে মাধ্যমটিতে কোনো ধরনের পোস্ট দেওয়া যাবে না। কিন্তু এ নীতি সাময়িক সময়ের জন্য শিথিল করেছিলো ফেসবুক কর্তৃপক্ষ।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ২২ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language