ইউক্রেনে ‘নাইট হান্টারের’ ধ্বংসযজ্ঞ চালানোর ভিডিও প্রকাশ রাশিয়ার

মস্কো, ১৭ এপ্রিল – হেলিকপ্টার থেকে দফায় দফায় ছোড়া হচ্ছে গুলি ও গোলা। সেগুলো আঘাত হানছে নিচে গাছপালার ভেতরে থাকা নানা লক্ষ্যবস্তুতে। আঘাতের পর সেখান থেকে উঠছে ধোঁয়ার কুণ্ডলী। আজ রোববার বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে এমন চিত্র উঠে এসেছে।
রাশিয়ার সংবাদমাধ্যম স্পুতনিক নিউজের খবরে বলা হয়েছে, টেলিগ্রামে ওই ভিডিওটি প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এমআই-২৮এন হেলিকপ্টার থেকে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। এই হেলিকপ্টার ‘নাইট হান্টার’ (রাতের শিকারি) নামেও পরিচিত।
ইউক্রেনের কোন অঞ্চলে বা কবে ওই হামলা চালানো হয়েছে, তা স্পুতনিকের খবরে উল্লেখ করা হয়নি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, হামলায় আকাশ প্রতিরক্ষাব্যবস্থার পাশাপাশি ইউক্রেনের সেনাদের বিভিন্ন স্থাপনাও ধ্বংস করা হয়েছে।
সূত্র: সমকাল
এম ইউ/১৭ এপ্রিল ২০২২









