হবিগঞ্জ
বানিয়াচংয়ে বজ্রপাতে স্কুলছাত্রসহ ৩ জন নিহত

হবিগঞ্জ, ১৪ এপ্রিল – হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে স্কুলছাত্রসহ তিন জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে বানিয়াচংয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এসময় হাওরে ঘাস কাটতে গিয়ে বজ্রপাত হয়ে মারা যায় হোসাইন (১২) নামের এক শিশু। সে ৩ নম্বর ইউনিয়নের তাতারী মহল্লার আক্কেল আলীর ছেলে।
একই সময়ে বাড়ির আঙ্গিনায় থাকাবস্থায় বজ্রপাতের আঘাতে মারা যান ঝুমা বেগম (১৩) নামে অপর এক শিশু। সে ৩ নম্বর ইউনিয়নের জাতিকর্ণপাড়া বড় বান্দের আব্দুর রহমানের মেয়ে। একই সময়ে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা যান ৮ নম্বর খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়া গ্রামের সামছুল মিয়ার ছেলে কৃষক আলমগীর মিয়া (২৬)।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সূত্র : রাইজিংবিডি
এম এস, ১৪ এপ্রিল









