দক্ষিণ এশিয়া

গোপনে দেশ ছাড়লেন শ্রীলংকার সাবেক উপমন্ত্রী

কলম্বো, ০৭ এপ্রিল – চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যেই গোপনে দেশ ছেড়েছেন শ্রীলঙ্কার সাবেক উপমন্ত্রী নিরুপমা রাজাপাকসে। তিনি সম্পর্কে লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের তুতো বোন।

শ্রীলঙ্কার জাতীয় দৈনিক সিলন টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিলন টুডের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে ৬৫৫) দুবাইয়ের উদ্দেশে কলম্বো ত্যাগ করেন নিরুপমা।

শ্রীলঙ্কার রাজনীতিতে প্রভাবশালী রাজাপাকসে পরিবারের সদস্য নিরুপমা ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশের পনি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন।

এখানেই শেষ নয়। বিশ্বের বহু রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের গোপন সম্পদের গোমর ফাঁস করে দেওয়া প্যান্ডোরা পেপারসেও করফাঁকি, দুর্নীতি ও মুদ্রাপাচারের অভিযোগে নিরুপমা ও তার স্বামী থিরুকুমার নাদেসানের নাম উঠে এসেছিল। সেখানে তাদের সম্পর্কে বলা হয়েছিল, নিরুপমা এবং তার স্বামী থিরুকুমার নাদেসান একটি শেল কোম্পানি নিয়ন্ত্রণ করতেন। এর মাধ্যমে তারা লন্ডন ও সিডনিতে বিলাসবহুল এপার্টমেন্ট ক্রয় করেছেন।

দক্ষিণ এশিয়ার দ্রুত অগ্রসরমান দেশ হিসেবে বিবেচিত শ্রীলঙ্কার অর্থনীতি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। বিপুল ঋণের বোঝা আর বিদেশি মুদ্রার অভাবে দেউলিয়া হতে বসেছে দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটি। নিত্যপ্রয়োজনীয় জিনিসের পাশাপাশি দেশটিতে খাদ্য সংকট দেখা দিয়েছে।

এছাড়া জ্বালানি তেল কিনতে না পারায় দেশটিতে বিদ্যুৎ মিলছে না। ফলে অন্ধকারে নিমজ্জিত হয়ে পরেছে গোটা দেশ। এমনকি কাগজের অভাবে শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষাও নেওয়া সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে জনবিক্ষোভে সরকারও পতনের দ্বারপ্রান্তে। এরই মধ্যে মার্চেও দেশটিতে ১৮.৭ শতাংশ মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে।

প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে এবং তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানালেও বিরোধী দলগুলো তা মানছে না। মাহিন্দা রাজাপাকসে বাদে তার মন্ত্রিসভার ২৬ সদস্যের সবাই ইতোমধ্যে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, তাদের মধ্যে রাজাপাকসে পরিবারের অন্তত চার সদস্য রয়েছেন। এছাড়া তাদের দলও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।

সূত্র: সমকাল
এম ইউ/০৭ এপ্রিল ২০২২


Back to top button
🌐 Read in Your Language