রাশিয়ার বানানো দোজখে পরিণত হয়েছে মারিওপোল: মেয়র

কিয়েভ, ০৬ এপ্রিল – ইউক্রেনের বন্দরনগরী মারিওপোলের মেয়র ভাদিম বয়শেঙ্কো অভিযোগ করে বলেছেন, শুধু মঙ্গলবার আমাদের বিধ্বস্ত শহরে রাশিয়া শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শহরটি এখন রাশিয়ার বানানো দোজখে পরিণত হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, শহরে রাশিয়া লাগাতার বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এ কারণে মানবিক পরিস্থিতি অত্যন্ত ‘ভয়ানক’।
বিবিসি মেয়রের দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
খবরে বলা হয়, মেয়ের শহরে বসবাস করেন না। পুরো শহরই রুশ সেনারা ঘিরে রেখেছে এক মাস ধরে। তিনি শহরে থাকা বাসিন্দাদের কাছ থেকে খবর পান।
শহরটির সিটি কাউন্সিলের ধারণা, ইতোমধ্যে সেখানকার ৯০ শতাংশ ভবন হয় ক্ষতিগ্রস্ত হয়েছে না হয় ধ্বংস হয়ে গেছে।
মেয়রের ধারণা, এখনও শহরে অন্তত এক লাখ ২০ হাজারের মতো মানুষ আটকে আছেন। সম্প্রতি সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে রেড ক্রসের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
‘রাশিয়ার বানানো প্রকৃত দোজখে পরিণত হয়েছে আমার শহর’, যোগ করেন মেয়র।
সম্প্রত যুক্তরাজ্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক মূল্যায়নে জানিয়েছে, লড়াই ও রাশিয়ার বিমান হামলা অব্যাহত রয়েছে। একই সঙ্গে পরিস্থিতি দিনকে দিন খারাপ হচ্ছে।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই মারিওপোলে লড়াই চলছে। ধীরে ধীরে শহরটি অবরুদ্ধ করে ফেলে রুশ সেনারা। এ শহরটি নিয়ন্ত্রণে নিতে পারলে মস্কো কৌশলগতভাবে বেশ সুবিধা পাবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: সমকাল
এম ইউ/০৬ এপ্রিল ২০২২









