কিশোরগঞ্জ

দুই বছর পর শোলাকিয়ায় হবে ঈদের জামাত

কিশোরগঞ্জ, ০৬ এপ্রিল – করোনার কারণে গত দু বছর কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। তবে এবার ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এটি হবে ঈদুল ফিতরের ১৯৫তম জামাত।

বুধবার (৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম সভায় সভাপতিত্ব করেন।

সভায় বলা হয়, করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ের পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারও নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শোলাকিয়ার জামাত আয়োজন করা হবে। সকাল ১০টায় জামাত শুরু হবে। এতে ইমামতি করবেন বাংলাদেশ ইসলাহুল মুসলেমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। জামাতে জায়নামাজ ও মাস্ক ছাড়া আর কিছু সঙ্গে না আনতে পরামর্শ দেওয়া হয়েছে। মুসল্লিদের জন্য দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে।

সভায় অন্যদের মধ্যে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার, শোলাকিয়া ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকীসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, ‘করোনার কারণে গত দু বছর শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। এবছর পরিস্থিতি স্বাভাবিক থাকায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে শোলাকিয়া ঈদ জামাতের প্রস্তুতি নিচ্ছি।’

জনশ্রুতি আছে, ১৮২৮ সালে এই মাঠে ঈদের জামাতে সোয়া লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া’। যা এখন শোলাকিয়া নামেই পরিচিত।

সূত্র : রাইজিংবিডি
এম এস, ০৬ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language