পূর্ব ইউক্রেনের শহরে রাশিয়ার রাতভর গোলাবর্ষণ

কিয়েভ, ০২ এপ্রিল – পূর্ব ইউক্রেনের একটি শহরে রাতভর রুশ সেনারা গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ করেছে কিয়েভ।
লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই এ অভিযোগ করেন। খবর বিবিসির।
সেরহি বলেন, লুহানস্কের লিসিচানস্ক ও তোশকিভকা শহরে রাতে রাশিয়ার ছোড়া গোলায় বেশি কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, এ হামলা কতজন নিহত হয়েছেন তা এখনও জানা যায়নি।
দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন ঘোষণা করার পর ইউক্রেনের দোনবাস অঞ্চলে ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ সেনারা।
সম্প্রতি রাশিয়া পূর্ব ইউক্রেনকে নিজেদের লক্ষ্য হিসেবে নির্ধারণ করে।
এদিকে যুক্তরাষ্ট্রের থিংকট্যাংক দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার তাদের এক মূল্যায়নে বলেছে, রাশিয়া তার সামরিক কৌশলের অংশ হিসেবে ইউক্রেনের উত্তারংশ থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে।
মার্কিন থিংকট্যাংকটি আরও জানাচ্ছে, ‘রাশিয়ার মূল লক্ষ্য এখন পূর্ব ইউক্রেন’। সেখানে মারিওপোলসহ সর্বোপরি পুরো দোনেৎস্ক ও লুহানস্ক দখলের লক্ষ্যে এগোচ্ছে মস্কো।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে দিয়ে শনিবার সকালে বলেছেন, দেশের পূর্বাঞ্চলে ‘ভয়াবহ লড়াই অপেক্ষা করছে’।
সূত্র: সমকাল
এম ইউ/০২ এপ্রিল ২০২২









