ইউরোপ

ক্রিমিয়া ও দোনবাস নিয়ে মস্কোর অবস্থান অপরিবর্তিত: রাশিয়া

মস্কো, ৩০ মার্চ – ক্রিমিয়া ও দোনবাস অঞ্চল নিয়ে মস্কোর অবস্থানে কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন রাশিয়ার আলোচক দলের এক সদস্য।

মঙ্গলবার তুরস্কের ইস্তান্বুলে ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন। এ বৈঠককে ঘিরে যুদ্ধ বন্ধের ‘সম্ভাবনা’ দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে। খবর বিবিসির।

বৈঠকের দিন রাশিয়া জানিয়েছিল, শান্তি আলোচনায় ‘পারস্পরিক আস্থা বাড়ানোর’ প্রচেষ্টায় ইউক্রেনের কিয়েভ ও চেরনিহিভে ‘কয়েকগুণ সামরিক তৎপরতা হ্রাস করবে’।

তুরস্কে সর্বশেষ বৈঠকের বিষয়ে রাশিয়া জানিয়েছে, আলোচনা গঠনমূলক ছিল। ইউক্রেনের প্রস্তাব প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পেশ করা হবে।

প্রথম দিনের আলোচনায় অংশ নেওয়া ইউক্রেনের প্রতিনিধিরা বলেছেন, আলোচনায় তারা রাশিয়ার কাছে নিরাপত্তা নিশ্চয়তার বিনিময়ে নিরপেক্ষ অবস্থান মেনে নেওয়ার প্রস্তাব করেছেন। এ ছাড়া ক্রিমিয়ার অবস্থান কি হবে তা ঠিক করতে দুই পক্ষের মধ্যে আগামী ১৫ বছর আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি শুরু হলে তা কার্যকর হবে।

এ বিষয়ে রাশিয়ার আলোচক দলের সদস্য ভ্লাদিমির মেডিনস্কি বলেন, ইউক্রেনের সঙ্গে আলোচনা চলছে। তবে ক্রিমিয়া ও দোনবাস অঞ্চল নিয়ে রাশিয়ার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখলে নেয়। এ ছাড়া ফেব্রুয়ারিতে দোনবাস অঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন পুতিন। এ দুই অঞ্চল রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের দখলে রয়েছে।

এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ক্রিমিয়া রাশিয়ার অংশ। রাশিয়ার সংবিধান অন্য কারও সঙ্গে দেশের অঞ্চলের ভাগ্য নিয়ে আলোচনা করতে অনুমোদন দেয় না।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। যুদ্ধ শুরুর ৩৫ দিনেও হামলা বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

সূত্র: সমকাল
এম ইউ/৩০ মার্চ ২০২২


Back to top button
🌐 Read in Your Language