রুশ ফেডারেশন আমাদের নিয়ে খেলছে: মারিওপোলের মেয়র

কিয়েভ, ২৮ মার্চ – ইউক্রেনের বন্দরনগরী মারিওপোলের মেয়র ভাদিম বোইচেঙ্কো বলেছেন, রুশ ফেডারেশন আমাদের নিয়ে খেলছে।
মারিওপোলের মানবিক পরিস্থতির অবনতি হওয়ার মধ্যে রাশিয়াকে নিয়ে এ মন্তব্য করলেন শহরটির মেয়র। খবর বিবিসির।
বোইচেঙ্কো বলেন, মারিওপোল একটি মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে রয়েছে এবং এখান থেকে সব মানুষকে সরিয়ে নিতে হবে।
তিনি জানান, এখনও এ বন্দরনগরীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় এক লাখ ৬০ হাজার মানুষ অবরুদ্ধ রয়েছেন।
মারিওপোলের মেয়র বলেন, বেসামরিক মানুষদের সরিয়ে নিতে ২৬টি বাস প্রস্তুত রয়েছে, কিন্তু রাশিয়া নিরাপদে তাদের সরিয়ে নেওয়ার অনুমতি দিচ্ছে না।
বোইচেঙ্কো বলেন, রুশ ফেডারেশন আমাদের নিয়ে খেলছে।
বেশ কিছুদিন ধরে রাশিয়ার বাহিনী পুরো শহর ঘিরে রেখেছে। ফলে শহরের বাসিন্দারা খাবার, পানি ও ওষুধের তীব্র সংকটের মুখোমুখি হয়েছে।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ সেনারা।
বিশেষ করে বন্দরনগরী মারিওপোল দখলে রাশিয়ার তৎপরতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। তবে এখনও তারা শহরটি নিয়ন্ত্রণে সক্ষম হয়নি।
সূত্র: সমকাল
এম ইউ/২৮ মার্চ ২০২২









