দক্ষিণ এশিয়া

কর্ণাটকে শুরু নতুন সাম্প্রদায়িক বিতর্ক

বেঙ্গালুরু, ২৫ মার্চ – হিজাব বিতর্কের পর ফের সাম্প্রদায়িক ইস্যুতে সরগরম ভারতের কর্ণাটক। সেখানে হিন্দু মন্দিরের ভেতরে বা বাইরে অন্য সম্প্রদায়ের ব্যবসায়িক দোকান নিষিদ্ধ করেছে রাজ্য সরকার।

হিজাব বিতর্কের কেন্দ্রস্থল দক্ষিণ কর্ণাটকের গুড়পি, স্রিমুগা জেলা ও ব্যাঙ্গালোরে গ্রামীণ এলাকায় সম্প্রতি এই নিয়ে বিতর্ক চরমে উঠেছে।

গত বৃহস্পতিবার বিরোধীদের চাপের মুখে কর্ণাটক বিধানসভায় রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, রাজ্য সরকার দ্বারা জারি করা হিন্দু রিলিজিয়াস ইনস্টিটিউশনস অ্যান্ড চ্যারিটেবল এনডোর্সমেন্ট অ্যাক্ট ২০০২ এর আওতায় কোনো হিন্দু ব্যক্তি ছাড়া হিন্দু মন্দিরের ভেতরে বা আশেপাশে ব্যবসা করতে পারবে না অন্য ধর্মের কোনো ব্যক্তি।

কর্ণাটকের হিন্দু মন্দিরগুলোর বাইরে অন্য ধর্মীয় সম্প্রদায়ের ফুল-ফল-মিষ্টি বিক্রির যে দোকানগুলো আছে সেগুলো তুলে নেওয়ার জন্য কয়েকদিন ধরেই হুমকি দিয়ে পোস্টার লাগাচ্ছিল একদল লোক। তাদের কার্যত সমর্থন করে বিধানসভায় এই বিবৃতি দেয় রাজ্য সরকার।

বিধানসভার জিরো আওয়ারে কর্ণাটকের ২ কংগ্রেস বিধায়ক এ বিষয়ে প্রশ্ন তুলে সম্প্রতি সাড়া ফেলে দেন। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের আইনমন্ত্রী জেসি মধুস্বামী বিধানসভার মধ্যেই বলেন, যা হচ্ছে রাজ্য সরকারের আইনের বলেই হচ্ছে। রিলিজিয়াস ইনস্টিটিউশনস অ্যান্ড চ্যারিটেবল এনডোর্সমেন্ট অ্যাক্ট ২০০২ এর রুল নম্বর ১২ অনুযায়ী এতে কোনো রকম অপরাধ দেখছে না কর্ণাটক সরকার।

কর্ণাটক সরকার বলছে, নির্দিষ্ট এলাকার বাইরে গিয়ে ব্যবসা করতেই পারে অন্য ধর্মের অনুসারীরা।

সূত্র: সমকাল
এম ইউ/২৫ মার্চ ২০২২


Back to top button
🌐 Read in Your Language