ইউরোপ

ইউক্রেনের আরও একটি শহর দখলের দাবি রাশিয়ার

মস্কো, ২৪ মার্চ – ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর এখন পর্যন্ত বড় কোনো শহর দখল করতে না পারলে বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর দখল করেছে রুশ সেনারা। এবার সেই তালিকায় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ইজিয়ামের নাম যুক্ত হলো।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনোশেনকভ এ দাবি করেছেন।

তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনী তাদের বিশেষ সামরিক অভিযান অব্যাহত রেখেছে। আজ (২৪ মার্চ) সকালে দেশটির খারকিভ অঞ্চলের শহর ইজিয়ামের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন রুশ সেনারা।

এদিকে রাশিয়ার দাবি স্বীকার করে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ইজিয়ামের দখল ফিরে পেতে সেখানে আমাদের সেনা সদস্যরা এখনও লড়াই করছেন।

উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ২০০৮ সাল থেকে আবেদন করে ইউক্রেন। মূলত, এ নিয়েই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তবে সম্প্রতি ন্যাটো ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় দ্বন্দ্বের তীব্রতা আরও বাড়ে। ন্যাটোর সদস্যপদের আবেদন প্রত্যাহারে চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো। কিন্তু এই কৌশল কোনো কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। ঠিক তার দুদিন পর ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।

এ দিকে চলমান এই যুদ্ধে ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন প্রায় ৩৯ লাখ মানুষ। যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১৫ হাজার ৮০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৯২৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সূত্র : আরটিভি
এম এস, ২৪ মার্চ


Back to top button
🌐 Read in Your Language