রাশিয়ার বিশাল একটি জাহাজ ধ্বংসের দাবি ইউক্রেনের

কিয়েভ, ২৪ মার্চ – ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বন্দরনগরী বেরদিয়ানস্কে রাশিয়ার একটি বড় ধরনের জাহাজ ধ্বংস হয়ে গেছে।
ফেসবুকে এক পোস্টে ইউক্রেনের নৌবাহিনী এ তথ্য জানায়। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
ইউক্রেনের নৌবাহিনী জানায়, আজভ সাগরে সকালে বড় একটি নৌযানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জাহাজটির নাম ‘ওরস্ক’।
ফেসবুক পোস্টে বলা হয়, ওরস্ক রাশিয়ার কৃষ্ণ সাগর ফ্লিটের বড় আকারের ল্যান্ডিং শিপ, যা দখলদারদের নিয়ন্ত্রণে থাকা বেরদিয়ানস্কে ধ্বংস হয়ে গেছে।
বিবিসি এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
রাশিয়া সপ্তাহখানেক আগে বেরদিয়ানস্ক দখল করে নেয়। ক্রিমিয়া ও মারিওপোলের মাঝে অবস্থিত এ শহরের বন্দরকে রুশ সেনারা জ্বালানি সরবরাহের কাজে ব্যবহার করছে।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ সেনারা।
সূত্র: সমকাল
এম ইউ/২৪ মার্চ ২০২২









