ইউরোপ

মারিওপোলে হামলার সংবাদ প্রচার করে তদন্তের মুখে রুশ সাংবাদিক

মস্কো, ২৩ মার্চ – ইউক্রেনে রাশিয়ার সশস্ত্র বাহিনীর হামলা সম্পর্কে ‘ভুয়া’ তথ্য প্রচারের জন্য রুশ সাংবাদিক আলেকজান্ডার নেভজোরভের বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে রাশিয়ান তদন্ত কমিটি।

বুধবার ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, তদন্ত কমিটি দাবি করছে, গত ১৯ মার্চ ইউক্রেনের মারিওপোলের একটি প্রসূতি হাসপাতালে রাশিয়ান বাহিনীর হামলার বিষয়ে নিজের ইনস্টাগ্রামের পাশাপাশি একটি ইউটিউব চ্যানেল থেকে ‘জ্ঞাতসারে মিথ্যা তথ্য প্রকাশ করেছেন’ আলেকজান্ডার নেভজোরভ।

তদন্ত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাংবাদিক আলেকজান্ডার নেভজোরভের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা হয়েছে৷ ইউক্রেনের মারিওপোলের হাসপাতালে হামলার বিষয়ে নেভজোরভের প্রকাশিত সংবাদ রাশিয়ান ফৌজদারি কোডের ধারা ২০৭.৩(২)(ডি) ভঙ্গ করেছেন।

কমিটি আরও বলছে, তার প্রকাশিত সংবাদের সাথে হামলায় আহত বেসামরিক নাগরিকদের অপ্রমাণিত ছবি ছিল। যে উৎস থেকে ছবিগুলো ছড়িয়েছে তা হল ইউক্রেনীয় মিডিয়া। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, যে ছবি ও তথ্য ইন্টারনেটে প্রকাশ হয়েছিল, সেগুলো মিথ্যা। তাই প্রাসঙ্গিক অনুসন্ধানের জন্য নেভজোরভকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

আলেকজান্ডার নেভজোরভ রাশিয়ার একজন টেলিভিশন সাংবাদিক এবং সাবেক রাজনীতিবিদ। তিনি রাশিয়ার ডুমা প্রদেশের সাবেক সংসদ্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি ইউক্রেনের অবরুদ্ধ মারিওপোল শহরে রাশিয়ার পদক্ষেপকে ‘সন্ত্রাস’ হিসেবে বর্ণনা করেন তিনি।

সূত্র: সমকাল
এম ইউ/২৩ মার্চ ২০২২


Back to top button
🌐 Read in Your Language